ঠিক কী হয়েছিল রবিবার রাতের উড়ানে? বাড়ি ফিরছিলেন মিমি। শেষ মুহূর্তে টিকিট পাওয়ায় বিমানের একেবারে শেষ সারির আসনই পেয়েছিলেন। তা দেখেই সৌরভ গঙ্গোপাধ্যায় এগিয়ে এসে নিজের বিজনেস ক্লাসের আসন ছেড়ে তাঁদের সঙ্গে ইকনমিক সিটে বসেন। যা দেখে মুগ্ধ অভিনেত্রী।
রবিবার সন্ধ্যায় একটি ছবি পোস্ট করে পুরো ঘটনাটি শেয়ার করেন মিমি। উইন্ডো সিটে বসে তিনি, পাশে হাসিমুখে সৌরভ। ক্যাপশনে অভিনেত্রী জানান, “রাতের শেষ বিমানই পেয়েছিলাম। ফাঁকা শুধুমাত্র শেষ সারি। কিন্তু আমাদের তো বাড়ি ফিরতেই হবে, তাই সেই সিটটিই নেওয়া হয়। তারপরই দেখা হল এই (সৌরভ গঙ্গোপাধ্য়ায়) মানুষটির সঙ্গে। যিনি নিজের বিজনেস ক্লাস ছেড়ে আমাদের সঙ্গে যোগ দিলেন। সেলফি তুলতে আসা সকলের সঙ্গে ছবিও তুললেন। ভক্তদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দিলেন হাসিমুখে। এমন ব্যবহার সত্যি যেন মন ছুঁয়ে যায়। এই কারণে বোধহয় তিনি কিংবদন্তি।’”
আসছে সৌরভের বায়োপিক। রাজকুমার রাও বলিউডের বহুমুখী অভিনেতাদের একজন। তিনিই এবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসন্ন বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। ইতিমধ্যেই এটি ব্যাপক আলোচনার কেন্দ্রে এসেছে। এর মাঝেই একটি নতুন প্রতিবেদনে ক্রিকেটারের বাবা-মা এবং বিসিসিআই সভাপতির চরিত্রে কাস্টিং সংক্রান্ত আপডেট শেয়ার করা হয়েছে। মহারাজের বাবা-মায়ের চরিত্রে ইন্ডাস্ট্রির দুই বহুমুখী অভিনেতা অভিনয় করবেন। তাঁর মায়ের ভূমিকায় দেখা যেতে পারে বাঙালি অভিনেত্রী অপরাজিত আঢ্যকে। আর সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে পারেন বোমান ইরানি। এদিকে, প্রাক্তন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া ভূমিকায় অভিনয় করতে পারেন গজরাজ রাও।
