সংসদ সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে তিন ধরনের পরীক্ষা হবে—Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির (Old System) উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ৭৯,৩৪৭ জন এবং রাজ্যের ২৩টি জেলাতেই সংখ্যার নিরিখে এগিয়ে ছাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ বাবার স্বপ্নই শক্তি, বাবার দেহ বাড়িতে রেখেই মাধ্যমিক পরীক্ষা দিতে গেল ছেলে!
উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যের ৮২২টি মেইন ভেন্যু এবং ২,১০৩টি সাব ভেন্যুতে। পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন হবে। প্রথম দিনের পরীক্ষার সঙ্গেই মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা থাকায় শিক্ষক ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
পরীক্ষা পরিচালনায় কড়া নির্দেশিকা জারি করেছে সংসদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে কড়া তল্লাশি চলবে এবং প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি। প্রশ্নপত্র সংরক্ষণের কনফিডেনশিয়াল রুমেও থাকবে নজরদারি।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, Semester-IV পরীক্ষার্থীদের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, Semester-III Supplementary পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট এবং পুরনো পদ্ধতির পরীক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে দেওয়া হবে। পরীক্ষার্থীদের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন (CWSN) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় ও লেখকের সুবিধাসহ বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
