মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা স্থগিত হবে বা পিছিয়ে যাবে বলে কোনও বার্তা স্কুল শিক্ষা দফতর বা রাজ্য প্রশাসনের থেকে তারা পায়নি৷ আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা৷ যেহেতু ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক দেবে, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে পর্ষদকে৷
করোনা বিধির কথা মাথায় রেখেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৪২০০ করা হচ্ছে৷ পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে যথাযথ দূরত্ব রেখেই বসার ব্যবস্থা করা হবে৷ আট ফুটের বেঞ্চ হলে একটি বেঞ্চের দু' প্রান্তে দু' জন পরীক্ষার্থী বসবে৷ আর ৬ ফুটের বেঞ্চ হলে একজন করে পরীক্ষার্থীকে বসানো হবে৷ সব পরীক্ষা কেন্দ্রেই সর্বোচ্ত ২০০ থেকে ২৫০ জন পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করা হবে৷ গ্লাভস পরেই ছাত্রছাত্রীদের খাতা এবং প্রশ্নপত্র দেবেন শিক্ষক- শিক্ষিকারা৷
advertisement
গতকাল, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সময়ে হবে কি না, সে বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও একই কথা জানিয়েছিলেন৷ তবে যেহেতু রাজ্য প্রশাসন থেকে কোনও নির্দেশ আসেনি, তাই পরীক্ষা হবে ধরে নিয়েই প্রস্তুতি শুরু করে দিল পর্ষদ৷ আগামী ১ থেকে ১০ জুন মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা৷
Somraj Bandopadhyay
