প্রসঙ্গত, প্রথমে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার পর পরীক্ষা পিছিয়ে যাওয়ারই ইঙ্গিত দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও (West Bengal Board of Higher Secondary Education)। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিক পরীক্ষা পিছোলে উচ্চ মাধ্যমিকও পিছিয়ে দেওয়া হতে পারে। সংসদ অপেক্ষা করছে সরকারি সিদ্ধান্তের জন্য।
বৃহস্পতিবার শিক্ষা দফতরের দায়িত্ব গ্রহণ করেছেন ব্রাত্য বসু। আর এদিনই তিনি বলেন, ‘আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রী কতগুলি আপৎকালীন ব্যবস্থা নিয়েছেন। রাজ্যে সংক্রমণের হার ধীরেধীরে হলেও কমছে। এই সংক্রমণের হার আগামিদিনে আরও কমবে বলেই আমরা আশা করছি। আশাবাদ ছাড়া আমাদের কাছে জোরদার কিছু নেই। তবে আশাবাদের একটা বাস্তব ভিত্তি আছে। বাস্তব ভিত্তি হল যে সংক্রমণ কমছে।’
advertisement
এদিন সাংবাদিকদের উদ্দেশেও ব্রাত্য বলেন, 'সংক্রমণ কমলে পরীক্ষা - এটা হেডলাইন নয়, হেডলাইন হবে - পরীক্ষা হবে সংক্রমণ কমলেই। পরীক্ষাটাই হবে, সংক্রমণ কমলে।'
আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা করা কোনও ভাবেই সম্ভব নয়৷ কার্যত লকডাউনে চলে গিয়েছে রাজ্য। বন্ধ লোকাল ট্রেন। ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ। তাই এই পরিস্থিতিতে যে পরীক্ষা হবে না, তা স্পষ্ট ছিল। কিন্তু অনেকেরই আশঙ্কা ছিল, পরীক্ষা কি বাতিল হয়ে যাবে? কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী।
