লক্ষ্য পাঁচ বছরে নতুন চুঁচুড়া তৈরি করা, প্রার্থী ঘোষণার পর চুঁচুড়ায় পা রেখে বললেন দেবাংশু । গত লোকসভা নির্বাচনে তমলুক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হতে হয়েছিল তাঁকে। তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশুর উপরে ভরসা রেখেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে দেবাংশুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এই আসনে গত তিনবারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে এবারে টিকিট দেয়নি তৃণমূল। তাতে কিছুটা অভিমানের সুর শোনা গিয়েছে দেবাংশুর গলাতে। এমনকি, রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথাও শুনিয়েছেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার রাতে চুঁচুড়া ঘড়ির মোড়ে আসেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বহু তৃণমূল কর্মীরা। দেবাংশু বলেন, ‘‘পাঁচ বছরে নতুন চুঁচুড়া তৈরি করা আমার লক্ষ্য’’। চুঁচুড়ার মানুষ যেভাবে চুঁচুড়াকে দেখতে চায়, তাদের মতামত এবং তাদের সবাইকে সঙ্গে নিয়ে, দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে নতুন চুঁচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। এখানকার মানুষ সচেতন হয়ে সিদ্ধান্ত নেন।’’



