আচমকা হুড়মুড়িয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম। আজ ৭ মার্চ থেকে রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়ে হল ৯৩৯ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়ল ১১৪.৫০ টাকা । বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯৯৯ টাকা। গত কয়েকমাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। ১ ফেব্রুয়ারিতেও আরও ৪৯ টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সংশোধিত দামের তালিকা অনুযায়ী, ১লা মার্চ কলকাতায় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ায় ১৮৭৫ টাকা ৫০ পয়সা। এবার সেই দাম বেড়ে দাঁড়াল ১৯৯৯ টাকা। মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। যুদ্ধের আগুনে জ্বালানিতেও আগুন। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। থমকে গিয়েছে তেল সরবরাহ। এতে ধাক্কা খেল ভারতের অর্থর্নীতি। জ্বালানি-সহ জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা। ইতিমধ্যেই বাড়ল রান্নার গ্যাসের দাম। ভারতে জ্বালানি-জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা, ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজারও। মধ্যপ্রাচ্যে মহারণ। আমেরিকা এবং ইজরায়েলের হামলায় তছনছ ইরান। আমেরিকা-ইরান যুদ্ধের আবহে বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে অশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের কৌশল নিয়েছে ইরান। ওমান উপকূলে পরপর অয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। জ্বলছে হরমুজ প্রণালী। থমকে তেল সরবরাহ। চড়ছে অপরিশোধিত তেলের দাম ।



