সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সম্ভবত ফের জাতীয় রাজনীতির দিকে যেতে চলেছেন নীতীশ কুমার৷ তাঁকে রাজ্যসভায় পাঠানো নিয়ে চলছে জোরাল আলোচনা৷ এদিকে, তাঁর রাজনৈতিক উত্তরাধিকারী হিসাবে তাঁর অবর্তমানে বিহারের উপ মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হচ্ছে নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে। আজ পটনায় এনডিএ আইনসভা দলের বৈঠকে এই সমীকরণগুলি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, জেডিইউর জাতীয় নির্বাহী সভাপতি সঞ্জয় ঝা বুধবার সকালে দিল্লি থেকে পটনায় পৌঁছেছেন এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, যিনি লল্লন সিং নামেও পরিচিত, আগামিকাল, বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে পটনায় পৌঁছবেন। এই সমস্ত কিছুই ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের রদবদলের৷



