এদিন ব্রিগেডে বক্তৃতার শেষে মঞ্চে থাকা দলের সব নেতাদের সঙ্গেই হাত মেলাতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কারও কাঁধে দিয়ে কথা বলেন তো কারও পিঠ চাপড়ে দেন বাহবায়। এভাবে দিলীপ ঘোষের সামনে আসতেই, তাঁর বাঁ বাহু ধরে ফেলেন মোদি। তার পর বলেন, “আরে তুম তো বহুত বদমাশ হো!” প্রধানমন্ত্রী বলেন, “হামারে ইহাঁ লোগ শাদি করতে হ্যায় তো খানা খিলাতে হ্যায়। ইয়ে তো মিঠাই ভি নেহি খিলায়া’। বলা বাহুল্য, বিজেপি নেতার ‘বিবাহ পর্ব’ নিয়ে মন্তব্য করেন মোদি৷ দিলীপ ঘোষের ডান দিকে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আর বাঁ দিকে দলের রাজ্য নেতা মনোজ পাণ্ডে। প্রধানমন্ত্রীর এই টিপ্পনি শুনে তাঁরা হাসতে থাকেন। প্রধানমন্ত্রীর ঠিক পিছনে ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তিনিও আমোদিত ছিলেন এ ঘটনায়। একমাত্র দিলীপ ঘোষের তখন লাজুক মুখ।



