গত কয়েক দিন দক্ষিণবঙ্গে পারদ ছিল ঊর্ধ্বমুখী। তবে মঙ্গলবারের বৃষ্টির পর পারদ কিছুটা নামে। বেশ কয়েক জায়গায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল। তবে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে তাপমাত্রার পারদ নিম্নগামী হবে না, মত আবহাওয়াবিদদের। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গেও আবহাওয়া বদলের সম্ভাবনা কম। হাওয়া অফিস জানিয়েছে, এবার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সকালের দিকে দৃশ্যমানতা উত্তরের প্রায় সব জেলাতেই কিছুটা কম থাকতে পারে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হচ্ছে না। তার পরের তিন দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।



