Naihati Boro Maa Temple: ভোট হচ্ছে বাংলাজুড়ে, কিন্তু নানা কেন্দ্রের প্রার্থীদের ভিড় নৈহাটিতে! জেতার আশায় কেন এত নৈহাটি যাচ্ছেন প্রার্থীরা?
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
Naihati Boro Maa Temple: বঙ্গের ভোট রঙ্গে বড় ফ্যাক্টর নৈহাটির বড়মা কালী! শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীরাই তাই হাজির মা কালীর কাছে, প্রার্থনা জয়ের।
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নৈহাটির অরবিন্দ রোডে অবস্থিত ‘বড়মা’ কালী মন্দির দীর্ঘদিন ধরেই ভক্তদের অন্যতম আস্থার কেন্দ্র হিসেবে পরিচিত। 'ধর্ম যার যার, বড়মা সবার' এই বিশ্বাসকে সামনে রেখেই প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় জমান মন্দিরে। একসময় কালীপুজোর সময় অস্থায়ী দীর্ঘাকৃতির মূর্তি তৈরি হলেও বর্তমানে এখানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে কষ্টিপাথরের বড়মার মূর্তি। সময়ের সঙ্গে সঙ্গে এই মন্দিরের জনপ্রিয়তাও বেড়েছে বহুগুণ।
advertisement
*এদিকে বিধানসভা নির্বাচনের আবহে মন্দির চত্বরে রাজনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো। শাসক দল থেকে বিরোধী সব পক্ষের প্রার্থীরাই ভোটের আগে বড়মার আশীর্বাদ নিতে হাজির হচ্ছেন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণার পর মন্দিরে দেখা গিয়েছে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নৈহাটির প্রার্থী সনদ দে, ভাটপাড়ার প্রার্থী অমিত গুপ্তা-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে।
advertisement
advertisement
*যাতে তাঁরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে না থেকে দ্রুত পুজো সেরে প্রচারে ফিরতে পারেন, সেই ব্যবস্থাই করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য সাধারণ ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়। বড়মা কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, সাধারণ ভক্তদের অসুবিধা না করেই এই ব্যবস্থা করা হয় এবং সকলেই যাতে মায়ের আশীর্বাদ পান, সেটাই তাঁদের লক্ষ্য।
advertisement
*অন্যদিকে, মনোনয়ন জমা দেওয়ার আগে বড়মার আশীর্বাদ নিতে এদিন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণাঙ্ক ভট্টাচার্য মন্দিরে পুজো দেন। পুজো শেষে তিনি ব্যারাকপুর এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে রওনা দেন। একইদিনে জগদ্দদল কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামও দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে যান।
advertisement
*প্রতি নির্বাচনের মতো এবছরও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে বড়মার আশীর্বাদ যেন বড় আস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। বড়মার আশীর্বাদকে পাথেয় করেই তাই জয়ের লক্ষ্যে ভোটের ময়দানে নামছেন প্রার্থীরা এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার, বড়মার আশীর্বাদ নিয়ে শেষ পর্যন্ত কাদের মুখে ফোটে জয়ের হাসি, তার উত্তর মিলবে আগামী ৪ মে।






