NBSTC Smart Card: খুচরোর ঝঞ্ঝাট শেষ! NBSTC-র বাসে আসছে স্মার্টকার্ড, শুরুতেই মিলবে বিরাট অফার, জানুন পাওয়ার পদ্ধতি
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Madhab Das
Last Updated:
NBSTC Smart Card: নগদ টাকা বা খুচরোর ঝামেলা ছাড়াই এবার এনবিএসটিসি বাসে সফর করা যাবে। যাত্রীদের সুবিধার্থে স্মার্টকার্ড পরিষেবা আনছে নিগম। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে যাতায়াত আরও সহজ করতে এই বড় সিদ্ধান্ত।
শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে আধুনিক পরিষেবার নতুন অধ্যায়ের সূচনা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (এনবিএসটিসি)। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এদিন স্মার্ট কার্ড পরিষেবার পাশাপাশি ক্যাফেটেরিয়া, ডরমেটরি ও নির্দিষ্ট বসার স্থানের উদ্বোধন করেন। তবে গোটা উদ্যোগের মূল আকর্ষণ ছিল নগদহীন ভ্রমণের সুবিধা এনে দেওয়া স্মার্ট কার্ড পরিষেবা। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলা এই স্মার্ট কার্ড যাত্রীদের জন্য বড় স্বস্তি আনবে বলেই মনে করছে সংস্থা। বাসে উঠেই সোয়াইপ মেশিনে কার্ড স্পর্শ করলেই স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে নির্ধারিত ভাড়া। খুচরো টাকার ঝামেলা বা ভাড়ার হিসাব নিয়ে আর কোনও সমস্যা থাকবে না। নিয়মিত যাত্রীদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হচ্ছে।
advertisement
মাত্র ৮০ টাকায় আবেদনপত্র কিনে স্মার্ট কার্ড নেওয়া যাবে। এই ফর্ম এনবিএসটিসির যেকোনও ডিপোতে পাওয়া যাবে, পাশাপাশি খুব শীঘ্রই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনেও আবেদন করার সুযোগ মিলবে। কার্ড নেওয়ার পর ন্যূনতম ৩০০ টাকা টপ-আপ করলে ১০ শতাংশ বোনাস দিয়ে ৩৩০ টাকা ব্যবহারযোগ্য ব্যালেন্স পাওয়া যাবে। ৬০০ টাকায় ১৫ শতাংশ, ১২০০ টাকায় ২০ শতাংশ এবং ২৪০০ টাকায় ২২ শতাংশ পর্যন্ত বাড়তি সুবিধা মিলবে।
advertisement
এদিন সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "এই স্মার্ট কার্ড পরিষেবা সংস্থার ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রীরা যাতে সহজ, স্বচ্ছ ও দ্রুত পরিষেবা পান, সেটাই আমাদের লক্ষ্য। একবার কার্ড থাকলেই এনবিএসটিসির যেকোনও রুটে— রাজ্যের ভেতর কিংবা বাইরে, এমনকি কাঠমান্ডু, অসম বা ঝাড়খণ্ডগামী বাসেও একই কার্ড ব্যবহার করা যাবে।"
advertisement
advertisement








