Bull Attack: হঠাৎ রণংদেহী মেজাজে স্নেহের ষাঁড়! অতর্কিত গুঁতোয় ৫, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণী
- Reported by:SUROJIT DEY
- Published by:Madhab Das
Last Updated:
Jalpaiguri Bull Attack: হঠাৎই রণংদেহী মেজাজে একটি ষাঁড়। আর সেই ষাঁড়ের অতর্কিত হামলায় রক্তাক্ত হলেন পাঁচজন। বর্তমানে এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
এক ষাঁড়ের হঠাৎ তাণ্ডবে আতঙ্ক ছড়াল গোটা পাড়া জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা ক্ষিপ্ত হয়ে পড়া ওই ষাঁড় সামনে যাকে পেয়েছে তাকেই আক্রমণ করে। ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। পাঁচজনকেই ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক—তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
advertisement
এলাকাবাসীর দাবি, গত কয়েকদিন ধরেই ষাঁড়টি অস্বাভাবিক আচরণ করছিল। পাড়ায় দাপিয়ে বেড়ানো, হঠাৎ উত্তেজিত হয়ে ওঠা—এসব লক্ষ্য করা যাচ্ছিল। এদিন একটি বাড়ির টিনের ঘরে ঢুকে ভাঙচুর চালায় সে। বাড়ির সদস্যরা বাধা দিতে গেলে সিং দিয়ে গুঁতো মেরে আহত করে কয়েকজনকে। রক্তাক্ত অবস্থায় তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
advertisement
স্থানীয়দের আরও দাবি, কিছুদিন আগে একটি কুকুর ওই ষাঁড়টিকে কামড়েছিল। তারপর থেকেই নাকি সে খাওয়া-দাওয়া প্রায় বন্ধ করে দেয়। গত তিন-চার দিন ধরে তার মুখ থেকে লালা ঝরতে দেখা যায়। পশু চিকিৎসকদের প্রাথমিক অনুমান, কুকুরের কামড়ের জেরে র‍্যাবিসে আক্রান্ত থাকতে পারে ষাঁড়টি। যদিও বিষয়টি নিশ্চিত করতে পর্যবেক্ষণ চলছে।
advertisement







