West Bengal Weather Update: রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন ! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর বলছে, রাজ্যে ধীরে ধীরে শীতের আমেজ কমলেও অনুভূতিটা থেকে যাবে। আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে।
আপাতত তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের হালকা আমেজ। দিনে শীতের অনুভূতি কমবে। আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে। পাশাপাশি দখিনা বাতাসের দাপট এখনই বাড়ছে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
advertisement
উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। মালদহ ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে থাকবে।
advertisement
কলকাতায় পরিষ্কার আকাশ। খুব সকালে হালকা শিশির/ কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার সামান্য ওঠানামা চলবে। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। আজ, রবিবারও ১৬ ডিগ্রির ঘরেই সর্বনিম্ন। দিন ও রাতের তাপমাত্রা ফের স্বাভাবিকের নীচে থাকবে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। দিনে শীতের আমেজ ক্রমশ কমছে। আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮/১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
advertisement
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।









