Suvendu Adhikari: 'নিশ্চিত ভাবেই কোনও ইনপুট আছে!' বঙ্গভবনে দিল্লি পুলিশের 'অভিযান' নিয়ে মমতাকেই নিশানা শুভেন্দুর
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Suvendu Adhikari: দিল্লি পুলিশের বঙ্গভবনে যাওয়া নিয়ে শুভেন্দু বলেন, ''নিশ্চিতভাবে কিছু ইনপুট আছে দিল্লি পুলিশের কাছে।''
নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবিত হলেও নির্বাচন কমিশনের খাতায় ‘মৃত’, এমন বেশ কিছু জন ভোটারকে দিল্লিতে নিয়ে গিয়েছে তৃণমূল। এসআইআর-র কারণে পরিবারের কোনও সদস্যের মৃত্যু হয়েছে এমন পরিবারগুলির সদস্যরাও এসেছেন দিল্লিতে। বাংলা থেকে আসা সেই সাধারণ মানুষদের হেনস্থা করছে দিল্লি পুলিশ বলে অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, অতিসক্রিয়তা দেখিয়ে হেইলি রোডের বঙ্গভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে সেখানে। তাতে আতঙ্কিত পশ্চিমবঙ্গ থেকে আসা সাধারণ পরিবারের মানুষ। এই খবর পেয়েই এক কাপড়ে চাণক্যপুরীর বঙ্গভবন থেকে হেইলি রোডের বঙ্গভবনে চলে যান তৃণমূল সুপ্রিমো। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দিল্লি পুলিশের বঙ্গভবনে যাওয়া নিয়ে শুভেন্দু বলেন, ”নিশ্চিতভাবে কিছু ইনপুট আছে দিল্লি পুলিশের কাছে। কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিংয়ে থাকতে পারে, যদি সিমির লোকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ থাকতে পারে, তাহলে তো পুলিশ সতর্ক থাকবে। মুখ্যমন্ত্রীর সহযোগিতা করা দরকার।”
শুভেন্দুর সংযোজন, ”এসআইআর আতঙ্কের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভুল নাম ঢুকিয়েছে এই সরকার। এসআইআর সেই প্ল্যান ভেস্তে দিচ্ছে। আজ প্রতিবাদ হবে ডিএম-এর অফিসের সামনে হয়রানির প্রতিবাদে। আর আমি সহ ১৪ প্রতিনিধি দল যাবে লোকভবনে। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী দেবীকে চিঠি দিয়েছিলাম হয়রানির অভিযোগ জানাতে যাব আজ তাই। উনি বলেছেন ৬ তারিখ দেখা করবেন আমাদের সঙ্গে। যারা ভুল করেছেন সেই ইআরও, এইআরও-র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিন জেলা পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে বরখাস্ত করতে হবে।”
advertisement
advertisement
এদিন অবশ্য অমিত শাহের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘দিল্লিতে যখন বিস্ফোরণ হয়, তখন এত পুলিশ কোথায় থাকে? আমি দিল্লি এলেই এরা ঘাবড়ে যায়। চাইলে আমি লাখ লাখ লোক নিয়ে আসতাম- তা করিনি। নিয়মের বাইরে কিছু করছি না। যা করছি অনুমতি নিয়েই করছি।’ এখানেই শেষ নয়, তাঁর কথায়,‘আসল হচ্ছে মাথায় বসে থাকা ওই লোকটা। দিল্লি পুলিশ আমাদের রাজ্যের লোকদের উপরে অত্যাচার করছে। হুমকি দিচ্ছে। অমিত শাহ বাংলায় এলে লাল কার্পেট পেতে অভ্যর্থনা করা হয় আর আমরা দিল্লি এলেই ব্ল্যাক কার্পেট!’
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2026 2:52 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Suvendu Adhikari: 'নিশ্চিত ভাবেই কোনও ইনপুট আছে!' বঙ্গভবনে দিল্লি পুলিশের 'অভিযান' নিয়ে মমতাকেই নিশানা শুভেন্দুর









