Success Story: সামান্য উপকরণে অসামান্য হাতের কাজ! তাঁর উদ্যোগে তৈরি গোটা শিল্পগোষ্ঠী! তাক লাগাচ্ছেন প্রত্যন্ত গ্রামের অভাবী যুবক
- Reported by:Suman Saha
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Success Story: ছোটবেলা থেকেই আঁকিবুঁকি, কাগজ কেটে বিভিন্ন মডেল বানানো আর রঙ নিয়ে কাজ করার প্রতি অদ্ভুত টান ছিল শিবনাথের। আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল না হলেও স্বপ্ন দেখা বন্ধ করেননি।
দক্ষিণ ২৪ পরগনা,জয়নগর, সুমন সাহা: গ্রামের মাটির গন্ধ মেখে বড় স্বপ্ন দেখেছিলেন শিবনাথ হালদার। দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসাতের গৌড়হাট রায়নগর গ্রাম পঞ্চায়েতের এই যুবক আজ নিজের নিখুঁত হাতের কাজ দিয়ে কলকাতার বিভিন্ন বার্থডে পার্টি, অন্নপ্রাশন, বিবাহ অনুষ্ঠান এবং নানা সামাজিক অনুষ্ঠানে আলাদা পরিচিতি তৈরি করেছেন। ছোটা ভীম, মোটু পাতলু, ডোরেমন, স্পাইডারম্যান-সহ শিশুদের প্রিয় সব চরিত্র যেন তার হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে।
ছোটবেলা থেকেই আঁকিবুঁকি, কাগজ কেটে বিভিন্ন মডেল বানানো আর রঙ নিয়ে কাজ করার প্রতি অদ্ভুত টান ছিল শিবনাথের। আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল না হলেও স্বপ্ন দেখা বন্ধ করেননি। ধীরে ধীরে নিজে নিজেই শিখেছেন ফাইবার, থার্মোকল, কাপড় ও রঙ ব্যবহার করে বড় বড় চরিত্রের মূর্তি ও কস্টিউম বানানো। প্রথমদিকে পাড়ার ছোটখাটো অনুষ্ঠানে কাজ করলেও এখন তার তৈরি চরিত্র ছাড়া অনেক বার্থডে পার্টিই যেন অসম্পূর্ণ থেকে যায়।
advertisement
কলকাতার বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এখন নিয়মিত যোগাযোগ রাখে শিবনাথের সঙ্গে। বিশেষ করে শিশুদের থিম পার্টিতে তার তৈরি কার্টুন চরিত্রের চাহিদা ব্যাপক। শুধু মডেল নয়, তিনি নিজেই অনেক সময় চরিত্রের পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত থাকেন, যা শিশুদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
advertisement
আরও পড়ুন : পাঁচদিন ধরে চলে পুজোপাঠ-আরতি, ঐতিহ্য মেনে ভক্তরা মেতে উঠলেন প্রাচীন গণেশজননীর আরাধনায়
তবে শিবনাথের সাফল্যের আসল গল্পটা শুধু ব্যক্তিগত নয়। তাঁর এই কাজকে কেন্দ্র করে গ্রামের আরও কয়েকজন যুবক-যুবতী আজ নিয়মিত উপার্জন পথ পেয়েছেন। কেউ রঙের কাজ করেন, কেউ কাটিং-সেলাই, কেউ আবার মডেল তৈরিতে সাহায্য করেন। ফলে একধরনের ছোট শিল্পগোষ্ঠী গড়ে উঠেছে গ্রামেই। শিবনাথ বলেন, “শহরে কাজ করতে এসে বুঝেছি, প্রতিভা থাকলে গ্রামের ছেলে হয়েও বড় কিছু করা যায়।” তার স্বপ্ন, একদিন নিজের একটি বড় ওয়ার্কশপ খুলে আরও বেশি মানুষকে কাজের সুযোগ করে দেওয়া। গ্রামের মাটিতে দাঁড়িয়েই স্বপ্ন ছোঁয়ার এই গল্প আজ অনেক তরুণের জন্য অনুপ্রেরণা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 10, 2026 3:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Success Story: সামান্য উপকরণে অসামান্য হাতের কাজ! তাঁর উদ্যোগে তৈরি গোটা শিল্পগোষ্ঠী! তাক লাগাচ্ছেন প্রত্যন্ত গ্রামের অভাবী যুবক









