Crime News: মেয়ের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে মারধরের জেরে মায়ের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত হাবড়া
- Reported by:Rudra Narayan Roy
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: হাবড়ায় মেয়ের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে মারধরের অভিযোগে গুরুতর আহত মিনু শীলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পরিবার ও স্থানীয়রা যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়, পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: মেয়ের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে মারধরের জেরে মায়ের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাবড়া। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন পরিবার ও প্রতিবেশীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা বছর পঞ্চান্নর মিনু শীল। অভিযোগ, তাঁর ছোট মেয়ে বছর ২৭ এর শ্রাবণী শীল এর পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তির জেরে গত ১ তারিখ দুপুরে বাড়িতে বচসা বাধে। সেই সময় শ্রাবণী শীল, তার প্রেমিক সুমন গুহ, সুমনের মা মুক্তি গুহ এবং আরও দুই বন্ধুর বিরুদ্ধে মিনু শীলকে মারধরের অভিযোগ ওঠে।
আরও পড়ুনঃ ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আমেরিকা-ইরান, মধ্যস্থতায় একাধিক দেশ
পরিবারের দাবি, গুরুতর অসুস্থ অবস্থায় মিনু শীলকে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এদিন তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মৃতার বড় মেয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শ্রাবণী শীল সহ মোট চারজনের বিরুদ্ধে মামলা রুজু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ পরিবারের।
advertisement
advertisement
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা মৃতদেহ নিয়ে যশোর রোডে অবরোধ করেন। ফলে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে হাবড়া থানা ও অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আধিকারিকরা পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলে প্রায় আধঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Apr 06, 2026 12:54 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Crime News: মেয়ের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে মারধরের জেরে মায়ের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত হাবড়া








