New Town: বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নিউ টাউনে চালু হল কমিউনিটি বুক ক্যাফে
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Ankita Tripathi
Last Updated:
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নিউ টাউনে চালু হল কমিউনিটি বুক ক্যাফে৷ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র উদ্যোগে এই অভিনব বুক ক্যাফের সূচনা হয়েছে জিরো শপ বিল্ডিংয়ে।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও পরিবেশবান্ধব চিন্তাভাবনাকে উৎসাহিত করতে নিউ টাউনে চালু হল কমিউনিটি বুক ক্যাফে। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র উদ্যোগে এই অভিনব বুক ক্যাফের সূচনা হয়েছে জিরো শপ বিল্ডিংয়ে। এনকেডিএ সূত্রে জানা গিয়েছে, শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশে সাধারণ মানুষের বই পড়া, বই দান ও বই বিনিময়ের সুযোগ করে দিতেই এই কমিউনিটি বুক ক্যাফে গড়ে তোলা হয়েছে।
ব্যবহৃত বই পুনরায় পাঠকের হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে সম্পদের দায়িত্বশীল পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। এই বুক ক্যাফের অন্যতম আকর্ষণ হল বই দানের মাধ্যমে ক্রেডিট পাওয়ার ব্যবস্থা। যে সকল নাগরিক বই দান করবেন, তাঁদের নির্দিষ্ট পয়েন্ট বা ক্রেডিট দেওয়া হবে। পরবর্তীতে সেই পয়েন্ট ব্যবহার করে অন্য বই সংগ্রহ বা বিনিময় করা যাবে। এতে করে বই ফেলে না দিয়ে পুনরায় ব্যবহারের প্রবণতা বাড়বে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
advertisement
advertisement
প্রাথমিকভাবে প্রায় ২৫০টি বিভিন্ন ঘরানার বই নিয়ে যাত্রা শুরু করেছে এই কমিউনিটি বুক ক্যাফে। ছাত্রছাত্রী, কর্মরত মানুষ, পরিবার ও প্রবীণ নাগরিক-সকলের জন্যই এটি খোলা থাকছে। পাশাপাশি স্কুল, কলেজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও বই দানের জন্য আহ্বান জানানো হয়েছে।
advertisement
এই কমিউনিটি বুক ক্যাফে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রতি সোমবার এটি বন্ধ থাকবে। নিউ টাউন বাসস্ট্যান্ড সংলগ্ন ফার্স্ট রোটারির জিরো শপ বিল্ডিং-এর গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এই বুক ক্যাফে। এনকেডিএ-র এই উদ্যোগ নিউ টাউনের সামাজিক ও সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদী এলাকাবাসী-সহ পাঠক মহল।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 07, 2026 11:45 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
New Town: বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নিউ টাউনে চালু হল কমিউনিটি বুক ক্যাফে








