Cricket : অন্ধকার ভেঙে ব্যাট-বলের লড়াই! শিলিগুড়িতে শুরু হচ্ছে দৃষ্টিহীন ক্রিকেটারদের ‘অল বেঙ্গল ভিশন চ্যালেঞ্জার্স কাপ’
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Suman Majumder
Last Updated:
Siliguri : ‘উত্তরের দিশারী ষষ্ঠ বর্ষ অল বেঙ্গল ভিশন চ্যালেঞ্জার্স কাপ’ শুক্রবার থেকে শুরু হতে চলেছে শিলিগুড়ি সূর্যনগর পুরনিগম মাঠে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ির ক্রীড়া মানচিত্রে ফের এক অনন্য উদ্যোগ। দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘উত্তরের দিশারী ষষ্ঠ বর্ষ অল বেঙ্গল ভিশন চ্যালেঞ্জার্স কাপ’ শুক্রবার থেকে শুরু হতে চলেছে সূর্যনগর পুরনিগম মাঠে। তিনদিনের এই প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবারের প্রতিযোগিতায় মোট দুটি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে শিলিগুড়ি রাইজার্স, দুর্গাপুর চ্যালেঞ্জার্স এবং সুন্দরবন টাইগার। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে কলকাতা ক্যাপিটাল, ডুয়ার্স তেরাই সুপার ইলেভেন এবং দার্জিলিং রয়ালস। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে শিলিগুড়ি ও দুর্গাপুর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার।
এবারের প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ হিসেবে মাঠে নামবেন ২০২২ সালে দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের দুই সদস্য শুভেন্দু মাহাতো ও সুরজিৎ ঘোড়া। শুভেন্দু খেলবেন সুন্দরবন টাইগারের হয়ে এবং সুরজিৎ দার্জিলিং রয়ালসের হয়ে। পাশাপাশি জাতীয় দলে থাকা বাংলার আরও দুই ক্রিকেটারও এবারের টুর্নামেন্টে অংশ নেবেন।
advertisement
advertisement
ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গলের সহ–সভাপতি চিন্ময় মন্ডল বলেন, এই প্রতিযোগিতা শুধু খেলার মঞ্চ নয়, বাংলা দলের শক্তি যাচাইয়ের ক্ষেত্রও। তাঁর কথায়, “এখানে যারা ভালো পারফরম্যান্স করে, তাদের অনেকেই পরবর্তীতে বাংলা দলের শিবিরে ডাক পেয়েছে। এবারে প্রায় ১৬০ জন নাম নথিভুক্ত করেছিল, তবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৯০ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে।”
advertisement
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে। পাশাপাশি ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার সভাপতি মহন্তেশ গৌড়াও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
আরও পড়ুন- বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য আইপিএলের সূচি নিয়ে সমস্যায় বোর্ড, ১৩ মার্চের মধ্যে প্রকাশ
আয়োজকদের দাবি, দৃষ্টিহীনদের ক্রিকেট সাধারণ ক্রিকেটের থেকে নিয়মে ও খেলায় অনেকটাই আলাদা এবং খেলোয়াড়দের জন্য তা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই সাধারণ মানুষকে মাঠে এসে এই ম্যাচগুলি দেখার এবং খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে মহিলাদের জন্যও এমন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2026 2:48 PM IST








