LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
- Published by:Debamoy Ghosh
Last Updated:
তেল এবং রান্নার গ্যাসের সঙ্কট নিয়ে এ দিন সংসদে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷
শহরাঞ্চলে দুটি রান্নার গ্যাসের বুকিংয়ের মধ্যে ২৫ দিনের তফাত থাকলেও গ্রামাঞ্চলে একটি গ্যাস বুক করার ৪৫ দিনের মাথায় নতুন গ্যাস বুক করা যাবে৷ গ্যাস এবং জ্বালানির সঙ্কট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার সংসদে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷ কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য একই সঙ্গে দাবি করেছেন, এই মুহূর্তে ভারতে রান্নার গ্যাসের কোনও সঙ্কট নেই৷
ইরানের সঙ্গে ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধের জেরে ভারতে জ্বালানির জোগানে টান পড়েছে৷ যার প্রভাব রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহে৷ সাধারণ মানুষের অভিযোগ, বুকিং করলেও সময়ে গ্যাস পাওয়া যাচ্ছে না৷ অনেক জায়গায় আবার ২৫ দিনের ফারাক থাকলেও নতুন গ্যাসের বুকিং করা যাচ্ছে না৷ উদ্বিগ্ন গ্রাহকদের ভিড় বাড়ছে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির অফিসে৷
এই পরিস্থিতিতে এ দিন সংসদে বিবৃতি দিয়ে কেন্দ্রীয় তেল ও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী দাবি করেন, দেশের জ্বালানির কোনও ঘাটতি নেই৷ কিন্তু গত কয়েকদিনে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে অস্বাভাবিক হারে রান্নার গ্যাস বুকিং করায় সরবরাহে বিক্ষিপ্ত ভাবে কিছু অসুবিধার সৃষ্টি হয়েছে৷ বুকিং করার আড়াই দিনের মধ্যেই গ্রাহককে গ্যাস পৌঁছে দেওয়ার যে নিয়ম চালু ছিল তাও অপরিবর্তিত রয়েছে বলে দাবি করেছেন পুরী৷ এই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, আচমকা এই চাহিদা বৃদ্ধি সামাল দিতে শহরাঞ্চলে একটি সিলিন্ডার বুক করার ২৫ দিন পরই আবার নতুন সিলিন্ডার বুক করা যাবে৷ যদিও গ্রামাঞ্চল এবং দুর্গম এলাকাগুলিতে দুটি বুকিংয়ের মাঝে ৪৫ দিনের ফারাক রাখা হয়েছে৷
advertisement
advertisement
অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের অভাবে দেশের বহু জায়গাতেই হোটেল, রেস্তোরাঁগুলিতে ঝাঁপ পড়তে শুরু করেছে৷ কেন্দ্রীয় মন্ত্রী বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন, আজ থেকেই স্বাভাবিক উৎপাদনের কুড়ি শতাংশ হারে বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 12, 2026 8:12 PM IST








