West Medinipur News: বিপ্লবের স্মৃতি বয়ে চলা 'বার্জ টাউন', ভগ্ন ব্রিটিশ বাংলো যেন অতীতের জীবন্ত দলিল
- Reported by:Ranjan Chanda
- Published by:Rukmini Mazumder
Last Updated:
আজও মেদিনীপুর শহরে অতীতের ইতিহাসের সাক্ষী বার্জ টাউন। স্বাধীনতার আগে এই ভবনটি ছিল ব্রিটিশ জেলাশাসকের বাংলো, সদেকান থেকেই চলত প্রশাসনিক কার্যকলাপ। বাংলোটি শুধুই বাসভবন ছিল না, ছিল ব্রিটিশ শাসনের ক্ষমতার কেন্দ্রবিন্দু।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মেদিনীপুর এক গৌরবজ্জ্বল নাম। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার এই জেলা একসময় হয়ে উঠেছিল বিদ্রোহের আঁতুড়ঘর। ক্ষুদিরাম বসু, অনাথবন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্তের মত বিপ্লবীরা ব্রিটিশ শাসকদের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছিলেন। তাঁদের সাহসী পদক্ষেপ ও আত্মত্যাগ মেদিনীপুরকে স্বাধীনতা সংগ্রামের মানচিত্রে বিশেষ মর্যাদা দিয়েছে। আজও শহরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা স্থাপত্য সেই উত্তাল সময়ের সাক্ষ্য বহন করে চলেছে।
মেদিনীপুর শহরের বার্জ টাউন তেমনই এক ঐতিহাসিক স্থান। স্বাধীনতার আগে এখানে ছিল ব্রিটিশ জেলাশাসকের বাংলো। ইতিহাসবিদদের মতে, এই আবাসন থেকেই অঘোষিতভাবে জেলার প্রশাসনিক কার্যকলাপ পরিচালিত হত। কার্যত এটি হয়ে উঠেছিল জেলা কালেক্টরের কার্য্যালয়। বাংলোটি শুধুই একটি বাসভবন ছিল না, ছিল ব্রিটিশ শাসনের ক্ষমতার কেন্দ্রবিন্দু। বার্জ ছিলেন ব্রিটিশ আমলে মেদিনীপুরে কর্মরত এক জেলাশাসক, যিনি স্থানীয় মানুষের উপর অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন। ১৯৩৩ সালের সেপ্টেম্বরে বিপ্লবী অনাথবন্ধু পাঁজা ও মৃগেন্দ্রনাথ দত্ত তাঁকে হত্যা করেন।
advertisement
এই ঘটনায় ব্রিটিশ প্রশাসনের ভিত কেঁপে ওঠে। মৃত্যুর আগে বার্জ এই বাংলোতেই বাস করতেন এবং এখান থেকেই প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ হত। বর্তমানে সেই ব্রিটিশ আমলের বাংলো ভগ্নপ্রায়। চারপাশে আগাছা ও ঝোপঝাড়ে ঢাকা পড়েছে। দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে, কিছু অংশ ভেঙেও গিয়েছে। তবু ইতিহাসের গন্ধ আজও মিশে আছে প্রতিটি ইঁটে। স্থানীয়দের মতে, এই ভবনের দেওয়াল যেন আজও শুনিয়ে যায় অত্যাচার ও বিদ্রোহের কাহিনি।
advertisement
advertisement
স্বাধীনতার পর কিছুটা দূরে নতুন জেলাশাসক ভবন নির্মিত হয়েছে এবং সেখান থেকেই প্রশাসনিক কাজ পরিচালিত হয়। তবুও বার্জ টাউনের এই পুরনো বাংলো মেদিনীপুরের অতীতকে স্মরণ করিয়ে দেয়। সংরক্ষণের অভাবে ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য শুধু একটি ভবন নয়, বরং স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত দলিল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 04, 2026 12:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Medinipur News: বিপ্লবের স্মৃতি বয়ে চলা 'বার্জ টাউন', ভগ্ন ব্রিটিশ বাংলো যেন অতীতের জীবন্ত দলিল








