'পাইলট খুব ভাল ছিল, জীবন বাঁচিয়েছে...', দমদমের আকাশে দেড় ঘণ্টার বিমান-বিভ্রাট! পাইলটের প্রশংসা মমতার! কী ঘটেছিল সেই সময়?
- Reported by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee: শেষমেশ বিমান পথেই অন্ডাল উড়ে গেলেন মমতা। যাওয়ার আগে অবশ্য গতকালের দুর্যোগের কথা প্রসঙ্গে পাইলটকে দিলেন দরাজ সার্টিফিকেট। আকাশপথে দুর্যোগ প্রসঙ্গ উঠতেই আর কী বললেন মুখ্যমন্ত্রী?
কলকাতা: নিবার্চনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার থেকেই প্রচারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ ছুটে বেড়াচ্ছেন মমতা। এরইমধ্যে গতকাল আচমকা আকাশপথে বিপাকে পড়েন মখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে দুর্যোগের কারণে নির্বাচনী প্রচার সেরে অন্ডাল বিমানবন্দর থেকে আকাশপথে কলকাতা ফেরার সময় রীতিমতো বিপাকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে শুক্রবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে অদল-বদল হতে থাকে দফায় দফায়। অবশেষে ঠিক হয় সড়ক পথ নয়, পূর্ব সফরসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে বিশেষ বিমানেই অন্ডাল উড়ে যাবেন মুখ্যমন্ত্রী। রাতে সম্ভবত থাকবেন দুর্গাপুরে।
এদিন দুপুর তিনটে নাগাদ দমদম বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালের প্রাকৃতিক দুর্যোগে ফেঁসে যাওয়া প্রসঙ্গে তাঁর বিশেষ বিমানের পাইলটের প্রশংসা করলেন মমতা। তিনি বলেন, “পাইলট খুব ভাল ছিল, জীবন বাঁচিয়েছে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে চড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে বিমানটির নামার কথা ছিল। কিন্তু দমদম বিমানবন্দরে পৌঁছনোর ঠিক আগেই কলকাতায়ও ঝড়বৃষ্টি শুরু হয়। নাগাড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি, শিলাবৃষ্টিতে দুর্যোগ চরমে ওঠে। সবমিলিয়ে খারাপ আবহাওয়ার জেরে প্রায় দেড়ঘণ্টা ধরে মাঝ আকাশে চক্কর কাটে মমতার বিশেষ বিমানটি। শেষমেশ বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে নামে বিমানটি।
advertisement
উল্লেখ্য, আজ শুক্রবার সকালেও খারাপ আবহাওয়ার আশঙ্কা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা থেকে অন্ডাল যাওয়ার বিমান সফর শেষ মুহূর্তে বাতিল করা হয়। সকালে খবর আসে তিনি বিমানে না গিয়ে সড়কপথেই অন্ডালের উদ্দেশ্যে যাবেন। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর আসে মুখ্যমন্ত্রী নির্ধারিত বিমানে যাত্রা করবেন না।
advertisement
বলা হয়, আজকের নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে তিনি সড়কপথে রওনা দেবেন, সে ক্ষেত্রে বিকেল দুটো থেকে আড়াইটের মধ্যে বেরোনোর সম্ভাবনা রয়েছে। তবে, যদি কাজ শেষ হতে দেরি হয় এবং তিনি সাড়ে তিনটে নাগাদ বেরোন, তাহলে বিমানপথেই অন্ডাল যাওয়ার পরিকল্পনা রয়েছে। পরে অবশ্য সিদ্ধান্ত বদল করে নবান্ন। আগামী দু-তিন ঘণ্টা কোনওরকম প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই তাই বিমানেই অন্ডাল যাবেন মমতা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2026 3:48 PM IST









