Town Theft: নিউ টাউনের অভিজাত ব্যাঙ্কোয়েটে বিয়ের দিন কনের ৮ লাখের নেকলেস চুরি! ফিরিয়ে দিল পুলিশ, ধৃত ২
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
৮ লাখের নেকলেস চুরি যাওয়ার পরই ইকো পার্ক থানায় অভিযোগ জানান বালুরঘাটের এক বাসিন্দা৷
নিউ টাউনের অভিজাত ব্যাঙ্কোয়েটে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল৷ বিয়ের অনুষ্ঠানের ফাঁকেই ব্যাঙ্কোয়েটের আলমারি থেকে খোয়া যায় কনের ৮ লক্ষ টাকা দামের নেকলেস৷ শেষ পর্যন্ত পুলিশের তৎপরতা চুরি হওয়ার দু সপ্তাহের মধ্যেই সেই বহুমূল্য নেকলেসটি উদ্ধার করা সম্ভব হয়েছে৷
এই ঘটনায় দু জনকে গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ৷ ধৃত দুজনই কলকাতার তিলজলা এবং তোপসিয়া এলাকার বাসিন্দা৷
বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা পবনকুমার গোয়েঙ্কা নামে একজন ব্যক্তি নিউ টাউনের মলি ব্যাঙ্কোয়েট নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নিয়েছিলেন৷ গত ৫ ফেব্রুয়ারি ছিল বিয়ের অনুষ্ঠান৷ যদিও বিয়ে বাড়িতেই ঘটে যায় বড়সড় বিপত্তি৷ হঠাৎই নজরে আসে, ব্যাঙ্কোয়েটের আলমারিতে রাখা কনের নেকলেস উধাও৷ খোয়া যাওয়া ওই নেকলেসটির দাম ৮ লক্ষ টাকারও বেশি৷
advertisement
advertisement
এই ঘটনার পরের দিনই ইকো পার্ক থানায় অভিযোগ জানান পবনকুমার গোয়েঙ্কা৷ নেকলেস উদ্ধারে একটি বিশেষ দল গঠন করে ইকো পার্ক থানার পুলিশ৷ দলে ছিলেন ইন্সপেক্টর শাহবুদ্দিন মণ্ডল, এএসআই লক্ষ্মণ রং এবং সিভিক ভলেন্টিয়ার সৌমেন বসু৷ তদন্তে নেমে বিয়ে বাড়ি এবং আশেপাশের রাস্তারও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশের দলটি৷ বিয়ে বাড়িতে সন্দেহভাজন কারা ছিলেন, তাঁদেরকেও চিহ্নিত করা হয়৷
advertisement
এর পাশাপাশি নিজেদের সোর্সও কাজে লাগায় পুলিশ৷ সিসিটিভি-র ফুটেজ এবং সোর্স মারফৎ পাওয়া খবরের ভিত্তিতে মহম্মদ সাজিদ হুসেন এবং মহম্মদ মাজিদকে চিহ্নিত করে পুলিশ৷ আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চুরির কথা স্বীকার করে তারা৷ দুই অভিযুক্তের হেফাজত থেকে ৮ লাখ টাকা দামের সেই নেকলেসটিও উদ্ধার করা সম্ভব নয়৷ স্বস্তি পায় অভিযোগকারী পরিবারটি৷ অভিযুক্ত দু জনকেই গ্রেফতার করেছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 18, 2026 3:27 AM IST











