১৮ কোটির ফিক্সড ডিপোজিট, ৫৩টি দলিল, সিবিআই-এর চার্জশিটে অনুব্রতর সম্পত্তির তালিকায় চোখ কপালে উঠবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
চার্জশিটে উল্লেখ রয়েছে অনুব্রতর বিপুল সম্পত্তির। তালিকায় রয়েছে ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, ৫৩টি দলিল। পাশাপাশি প্রায় ২৫টি বেনামি দলিলের কথা উল্লেখ করা হয়েছে
#কলকাতা: গরু পাচারকাণ্ডে চতুর্থ চার্জশিট জমা পড়ল আসানসোল আদালতে। সিবিআই সূত্রের খবর, ৩৫ পাতার এই চার্জশিটে অনুব্রত মণ্ডলকে এই দুর্নীতিকাণ্ডের মূল পৃষ্ঠপোষক বলে চিহ্নিত করা হয়েছে। তদন্তে বীরভূমে বিভিন্ন ব্যাঙ্কের নথি, জমি ও চালকলের কাগজপত্র খতিয়ে দেখে সেগুলি অনুব্রত মণ্ডলের সম্পত্তি বলে জানতে পেরেছে সিবিআই। তৃণমূল নেতার প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনের বিরুদ্ধে যে যে ধারায় মামলা করা হয়েছিল, সেই ধারাগুলোই অনুব্রত মণ্ডলের নামে চার্জশিটে উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।
চার্জশিটে উল্লেখ রয়েছে অনুব্রতর বিপুল সম্পত্তির। তালিকায় রয়েছে ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, ৫৩টি দলিল। পাশাপাশি প্রায় ২৫টি বেনামি দলিলের কথা উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, এই বিপুল সম্পত্তি রয়েছে অনুব্রতের পরিবারের। চার্জশিটে তিনটি চালকলের কথা বলা হয়েছে। চালকলগুলির নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও তুলে ধরা হয়েছে। কলকাতা ও বীরভূমে অনুব্রতের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও কন্যা সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই।
advertisement
advertisement
প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে তিনটে সাপ্লিমেন্টরি চার্জশিট মিলিয়ে চারটে চার্জশিট জমা হল। শুক্রবার অনুব্রত মণ্ডলের নামে কেবলমাত্র চার্জশিট জমা পড়েছে। চারটে চার্জশিট মিলিয়ে মোট ১২ জনের নামের চার্জশিট জমা হল এদিন পর্যন্ত। এদিকে, অনুব্রত মণ্ডলের উপর চাপ বাড়াতে কয়লা ও গরু পাচার নিয়ে রাজ্য পুলিশে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য হাতে নিল ইডি। ইডি সূত্রে খবর, কয়লা ও গরু পাচার মামলায় তাদের করা ইসিআইআর-এ যুক্ত করা হয়েছে সমস্ত নথি ও তথ্য। কয়লা পাচারে ইডির অভিযোগ নামা ECIR HIU/17/2020। গরু পাচারে অভিযোগনামা KLZO/41/2020।
advertisement
এই দুই অভিযোগনামার সঙ্গে রাজ্য পুলিশের থেকে নেওয়া সমস্ত নথি যুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। আবার এদিনই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হুসেনকে জেরা করতে ইডি টিম আসানসোল সংশোধনাগারে গিয়েছে। ইডি এর আগে এ বিষয়ে আবেদন করেছিল আদালতের কাছে। সেই অনুসারে শুক্রবার সায়গলকে জেলে গিয়ে জেরা করছে ইডি।
Location :
First Published :
Oct 07, 2022 2:20 PM IST








