advertisement

স্বপ্ন আর বাস্তবের কোলাকুলি...জব উই মেট... সত্যিই কি স্বপ্নপুরী আছে ?

Last Updated:
#কলকাতা: মেয়েটি শুনেছিল মেঘপুরে নাকি মেঘবৃষ্টি নামে। সেই মেঘবৃষ্টিতে সব ইচ্ছে পূরণ হয়। সেখানে গেলে দুঃখরা ডানা মেলে পাখি হয়ে যায়। ভালবাসার ভূত স্বপ্নে ধরে। অভিমানেরা ঘরকুনো হয়। মায়া, মোহ হাত ধরাধরি করে মেঘে চেপে আকাশে পারি দেয় । মেঘপুরে গেলে শুধু নিজের সঙ্গে আলাপ হয়। কিন্তু সেখানে একা যেতে হয়।
নিজেকে চেনার জন্যই ভোর ভোর বাসে চেপে রওনা হল মেয়েটি। মেঘপুরের সন্ধানে। মেঘপুরের তো কোনও ঠিকানা জানা নেই। তবে সে চিনবেই বা কেমন করে? শুনেছি মেঘপুরের উদ্দেশে রওনা হলে, সেখানে ঠিক পৌঁছে যাওয়া যায়। ঠিক চিনে নেওয়া যায়। কারণ সেখানে পৌঁছানোর আগেই মন সব জটিলতা ত্যাগ করে।
জানালার ধারের সিট। আকাশে কালো মেঘ করেছে সকাল থেকেই। কানে গানের তার গুঁজে চুপ করে বসল মেয়েটি। গুলাম আলি গান ধরেছেন.."ইতনা টুটা হু কে ছুনে সে বিখার যাউঙ্গা... " মন যে কখন না পাওয়ার হিসেব কষতে বসল, কে জানে ! সে নিজেও টের পাইনি। কোথায় কি পাইনি তার হিসেব করতে গিয়ে জীবনের সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছিল তাঁর। ভালবাসা ভেবে যার পিছনে ছুটছে সে, তাও তো একটা স্বার্থ। নিজেকে ভাল রাখার স্বার্থ। মা তাঁকে বেশি না ভাইকে বেশি ভালবাসে ভেবে যতটা দুঃখ পেয়েছে, তাও তো নিজের জন্যই। চাকরি, টাকা, নাম, বন্ধু, আড্ডা, বেড়াতে যাওয়া, লেখালেখি সবই তো নিজের ভাল থাকার জন্য করেছে । কিন্তু পাইনি বলে এতো কষ্ট পাচ্ছে বদলে যাদের থেকে পাব ভাবছে, তাদের জন্য সে কি করেছে ? কিছুই তো না ! তবে কিই বা আমি সে চাই ! দুটো ভাল কথা, আর কিছু দরকারে এগিয়ে যাওয়া তো সব নয় ! মন থেকে কী সে মানুষগুলোর জন্য কখনও কেঁদেছে ? না কাঁদেনি.. নিজে পাইনি বলে কেঁদেছে ! কিন্তু বিনা স্বার্থে মানুষগুলোকে ভালবেসে কাঁদা তাঁর হয়নি! তাহলে এ পৃথিবী তো শূন্য হবেই! এসব ভাবনায় মেয়েটা যখন বিভোর তখন বাসটা এক জায়গায় এসে থেমেছে।
advertisement
advertisement
এতক্ষন এতো লোক উঠেছে, কোথা থেকে বাসটা এগিয়েছে, সে কিছুই জানে না । একটা ঘোর লেগে আছে চোখে । নেশায় ধরেছে ওই মেয়েকে। নেমে পড়ল বাস থেকে। সে জানে না কোথায়.. সামনেই সবুজ মাঠ দেখতে পেল । কোনও এক হাই রোডের ধার । মাঠের মধ্যে ভেজা ঘাসে বসল মেয়েটি । বোঝাই যাচ্ছে একটু আগে হালকা বৃষ্টি হয়েছে ।বাসটা মেয়েটির নেমে যাওয়াকে পাত্তা না দিয়েই এগিয়ে গেল । কালো ধোঁয়ায় শ্যামলা মেয়ের চোখ মুখ ছেয়ে গেল । না, কিছুতেই সে শান্তি পাচ্ছে না । আজ নিজের মধ্যেই অনেক গলত খুঁজে পাচ্ছে ! অনেক কিছুই আজ ভাবাচ্ছে তাঁকে । আজ মনে হচ্ছে সে আর কতটুকু পায়নি! তার চেয়ে অনেক বেশি সে মানুষকে দেয়নি । দিতে পারেনি ! দিতে শিখেনি ! ঘৃণা করার মতো কাউকে ভালও বাসেনি।
advertisement
হটাৎই চোখ ভিজে এল, কার জন্য সে জানে না । পোষা বেড়ালটার কথা মনে পড়ল । একমাত্র ওকেই সে নিয়ম করে খেতে দিয়েছে । বুকে জড়িয়েছে । ওর আঁচড় খেয়েও ওকে বেইমান বলেনি । বাকি তো সবাইকে বেইমানই ভেবে এল । আজ তাঁর মনে হচ্ছে সেই সবার থেকে বড়ো বেইমান, তার হিসেবই করা হয়নি কখনও। ভগবানে বিশ্বাস করেনি কখনও, আজও করে না । কিন্তু আজ মানুষকে বড়ো ভালবাসতে ইচ্ছে করছে তাঁর । কিছু পাওয়ার আশা না করেই তাদের জন্য করতে ইচ্ছে করছে । নিজের বলে কিছু নেই, সবাই তো তাঁর আপন । আবার চোখ বেয়ে জল এলো । না কোনও মেঘপুরে সে আর যাবে না । মেয়েটি হটাৎ করে আজ মানুষের কাছে ফিরতে চাইছে । নিজের শহরে ভালবাসা বিলি করতে ইচ্ছে করছে । বিকেল হতে চলল । বুকের ভেতরটাও খালি হয়ে গিয়েছে । প্রথমবার মাকে ফোন করল । জানতে চাইল কী করছে.. বলল "তাড়াতাড়ি ফিরবো আজ, কিছু খাবে?" ওপার থেকে ভালবাসা মাখা একটা গলা ফিরে পেল.. ঠিক করল ছেড়ে যাওয়া বন্ধুদেরও আবার ফিরিয়ে আনবে । হয়ত সময় লাগবে । সে লাগুক । ভালবাসা বিলি করাও যে সোজা কাজ নয় । নেওয়ার মত মানুষ চাই যে ।
advertisement
ফেরার বাস ধরার জন্য মেয়েটি মাঠ থেকে উঠে এল । আকাশে চোখ গেল । চমকে উঠল । সারা আকাশে মেঘের ভেলা ! শ্যামলা মেয়ের রাগ, অভিমান, দুঃখরা ডানা মেলে পাখি হয়ে গিয়েছে । বুকে শুধুই ভালবাসা । চাওয়া পাওয়ার সব হিসেব হারিয়ে গিয়েছে । এমন আকাশ আগে তো সে দেখেনি । এ কোথায় এল সে! এ কোন রাজ্য ।
advertisement
রাস্তার এক ভদ্রলোককে জিজ্ঞাসা করল, "দাদা এইটা কোন জায়গা? " ভদ্রলোক গ্রামের মানুষ। বললেন, "মেঘপুর আছে গো দিদি.. কোথায় যাবা কলকাতা তো? ওই দিকে যাও বাস আসবে একটু পরে"... কথাগুলো বলে লোকটা কোথায় যেন চলে গেল । কাকে কী বলবে সে কিচ্ছু জানে না । এসব কি হচ্ছে তাঁর সঙ্গে! ঝম ঝম করে মেঘবৃষ্টি নামলো । মেঘপুরে আর মেয়ের চোখ জুড়ে ।
advertisement
এক বুক বিস্বয় ও অন্য এক 'আমি' কে নিয়ে ফেরার বাস ধরল মেয়েটি। জায়গাটা সে আর কখনও চিনতে পারেনি... খুঁজেও পায়নি.. নিজেকে না জানলে বোধহয় কেউ কোনও দিন ফিরে আসতে পারে না। পালাতে, পেতে তো সবাই চায়। এমন একটা মেঘপুর যদি সত্যি থাকত !
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
স্বপ্ন আর বাস্তবের কোলাকুলি...জব উই মেট... সত্যিই কি স্বপ্নপুরী আছে ?
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement