রাহুলের মৃত্যুর প্রতিবাদ জারি! মঙ্গলবার থেকে টলিউডে শুটিং ধর্মঘট, বিপদের মুখে মেগা ধারাবাহিক.... ডবল ইউনিটে জোর কদমে চলছে ব্যাঙ্কিং
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
রবিবার, ৫ এপ্রিল বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন শিল্পী ও টেকনিশিয়ানদের বিভিন্ন সংগঠন। বৈঠকে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্য তথা অভিনেতা-অভিনেত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন টেকনিশিয়ান ফেডারেশনের প্রতিনিধিরাও। আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন এবং টলিউডের সমস্ত সংগঠনগুলি সম্মিলিতভাবে এই কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছে….একসঙ্গে সব গিল্ড।
advertisement
কলকাতা: গত ২৯ মার্চ। রবিবার। টলিউডের সবচেয়ে শোকের দিন ছিল বোধহয় সেটাই। রবিবার ছুটির আনন্দ বদলে গেছিল কান্নায়, হাহাকারে। বিজয়গড়ের ‘অনন্যা’ অ্যাপার্টমেন্টের নির্জনতা মুহূর্তে বদলে গিয়েছিল কলরবে। শোকের কলরব। অবিশ্বাস গ্রাস করছিল গোটা বাংলাকে। কেউ বিশ্বাস করতে পারছিল না বিজয়গড়ের ‘বাবিন’ আর নেই, ‘সহজ কথা’র ‘অরুণোদয়’ নেই, ইন্ডাস্ট্রির ‘রাহুল’ নেই। তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ থাকছে টলিপাড়ায়। যার সব থেকে বেশি প্রভাব পড়বে মেগা ধারাবাহিকগুলির ব্যাঙ্কিংয়ে। হাতে মাত্র একটা দিন সোমবার। তাই বেশিরভাগ ধারাবাহিক এই ডবল ইউনিট বা দুই শিফটে শুটিং চলছে। তবে এত তড়িঘড়ি সবকটা মেগা সিরিয়াল ডাবল ইউনিট পাইনি। তাই যতটা সম্ভব আজকে দ্রুতগতিতে ব্যাঙ্কিং করা হচ্ছে। NT1 স্টুডিওতে ধারাবাহিক ‘গঙ্গা’ ও ‘আনন্দী’-র ডাবল ইউনিটে শুটিং চলছে। অন্যদিকে ইন্দ্রপুরী স্টুডিওতে ধারাবাহিক ‘পরিণীতা’ ও ‘দাদামণি’ ডাবল ইউনিট পায়নি। দাসানি-১ ও ২ এবং ভারতলক্ষ্মী স্টুডিওর বেশিরভাগ সিরিয়ালের ফ্লোরেরই প্রায় একই অবস্থা। এত দ্রুত সব ধারাবাহিকের ডাবল ইউনিট পাওয়া সম্ভব না। তবে আজ প্রায় সারারাত ব্যাপি শুটিং হওয়া সম্ভব না। কারণ আগামিকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকছে টলিপাড়া। মঙ্গলবার থেকে সব ধারাবাহিক ও ছবির শুটিং বন্ধ রেখে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে অভিনেতাদের নিরাপত্তার দাবি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন সকলে একসঙ্গে এগিয়ে এসেছে। ফিকশনের পাশাপাশি বহু চ্যানেলের পয়লা বৈশাখের স্পেশাল এপিসোড হওয়ার কথা। সেই সব শুটিংও এখন বিশ বাঁও জলে। তবে কোনও চ্যানেল কর্তৃপক্ষই এই বিষয়ে মুখ খোলেনি।
advertisement
শনিবার রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার পাঁচজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন। শৈবাল বন্দ্যোপাধ্য়ায়, লীনা গঙ্গোপাধ্যায়, শুভাশিস মণ্ডল, শান্তনু নন্দী, চন্দ্রশেখর চক্রবর্তীর নামে ওড়িশার তালাসারি থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। সময় যত এগোচ্ছে অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে তত ধোঁয়াশা বাড়ছে৷ কীভাবে শ্যুটিং করতে গিয়েই মৃত্যু হল অভিনেতার, তা নিয়েই উঠছে প্রশ্ন৷ স্বামী রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বাকি ফোরাম আর্টিস্টরা রিজেন্ট পার্ক থানায় গেছিলেন৷ তারপরেই আবার তালিসারিতে যান প্রিয়াঙ্কা। ওখানে গিয়ে থানায় অভিযোগ জানান তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 3:09 PM IST











