আগে ভোটের রেজাল্ট, তার পর পরীক্ষা! নির্বাচনকে সামনে রেখেই সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
বিধানসভা নির্বাচনের আবহে শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ১০ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষার আংশিক অংশ নির্ধারিত সময়েই হলেও, বাকি পরীক্ষাগুলি ভোটের ফল ঘোষণার পর নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্বাচন ঘিরে প্রশাসনিক ব্যস্ততা ও নিরাপত্তাজনিত কারণে পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দফতর বিজ্ঞপ্তি জারি করে জানায়, কোনও ঝুঁকি না নিয়ে ৫ মে-র পরেই বাকি পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ১০, ১১ এবং ১৩ এপ্রিল যে পরীক্ষাগুলি নির্ধারিত ছিল, সেগুলি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। তবে ২৫ এপ্রিল পর্যন্ত যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, সেগুলি স্থগিত করে ভোটের ফল ঘোষণার পর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই এই পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা হিসেবে আশপাশের কলেজে পরীক্ষার আয়োজন করা যায় কি না, তা নিয়েও ভাবনা-চিন্তা করছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি বিচার করে শেষ পর্যন্ত পরীক্ষা পিছোনোর সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
advertisement
গত বৃহস্পতিবার বেশ কয়েকটি কলেজের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের কর্তারা। শ্রীরামপুর কলেজ, বিবেকানন্দ কলেজ, সিটি কলেজ-সহ একাধিক প্রতিষ্ঠান জানায়, ১৩ এপ্রিলের পর থেকেই তাদের ক্যাম্পাসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ফলে পরীক্ষার আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।
advertisement
এদিকে ১০ এপ্রিল থেকে প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় কীভাবে তা পরিচালনা করা হবে, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত কোনও বাস্তবসম্মত সমাধান না মেলায় আংশিক পরীক্ষা নিয়ে বাকি অংশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও এই সিদ্ধান্ত ঘিরে শিক্ষকমহলে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের আশঙ্কা, নির্বাচন ও পরবর্তী পরিস্থিতিতে অশান্তি তৈরি হলে পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে। এর ফলে শিক্ষাবর্ষের উপর প্রভাব পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই স্কুল ও কলেজ শিক্ষকেরা নির্বাচন সংক্রান্ত কাজে ব্যস্ত। অভিযোগ, এতে পঠনপাঠন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বছর নজিরবিহীনভাবে কলকাতার বহু কলেজ শিক্ষকের উপর প্রিসাইডিং অফিসারের দায়িত্বও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে শিক্ষকদের তালিকাও চাওয়া হয়েছে, ফলে এপ্রিলের পরীক্ষার দায়িত্ব অনেকেই সামলাতে পারবেন না।
কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলির নতুন সূচি এখনও নির্ধারণ করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 6:25 PM IST









