East Medinipur News: দিঘা যাওয়ার পথে এবার নতুন স্টেশন! কোথায় থামবে ট্রেন? বড় সুবিধা হবে যাত্রীদের
- Reported by:Madan Maity
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Indian Railways: পূর্ব মেদিনীপুরের অধিবাসীদের বহুদিনের দাবি মিটতে চলেছে৷ নতুন স্টেশনে সহজ হবে যাতায়াত, দিঘা লাইনে আসছে ঘোলবাগদা হল্ট স্টেশন।
advertisement
1/6

এবার দিঘা যাওয়ার পথে নতুন রেল স্টেশন। অপেক্ষা শুধু উদ্বোধনের। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর–২ ব্লকের ঘোলবাগদায় তৈরি হয়েছে নতুন হল্ট স্টেশন। ইতিমধ্যেই প্ল্যাটফর্ম নির্মাণ শেষ হয়েছে। যাত্রীদের বসার জন্য কংক্রিটের আসন বসানো হয়েছে। লাগানো হয়েছে পথবাতি। তৈরি হয়েছে টিকিট কাউন্টার। পাশাপাশি পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
advertisement
2/6
দিঘা–তমলুক রেলপথে নাচিন্দা ও হেঁড়িয়া স্টেশনের মাঝামাঝি এলাকায় গড়ে উঠেছে এই ঘোলবাগদা হল্ট স্টেশন। এতদিন ভগবানপুর–২ ব্লকের বোরোজ, অর্জুননগর-সহ আশপাশের বহু গ্রামের মানুষকে ট্রেন ধরতে অনেকটা পথ অতিক্রম করতে হত। কেউ হেঁড়িয়া স্টেশনে যেতেন। কেউ আবার নাচিন্দায় গিয়ে ট্রেন ধরতেন। একই সমস্যা ছিল পটাশপুর–২ ব্লকের আড়গোয়াল ও মথুরা পঞ্চায়েত এলাকার বাসিন্দাদেরও। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে নতুন একটি স্টেশনের দাবি উঠছিল।
advertisement
3/6
এছাড়াও কাঁথি–৩ ব্লকের কানাইদিঘি ও কুমীরদা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদেরও নাচিন্দা স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হত। দূরত্ব বেশি হওয়ায় সাধারণ যাত্রীদের ভোগান্তি কম ছিল না। তাই নাচিন্দা ও হেঁড়িয়ার মাঝামাঝি এলাকায় একটি নতুন স্টেশন তৈরির দাবি ক্রমশ জোরালো হয়। নতুন স্টেশন চালু হলে এলাকার যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করছেন বাসিন্দারা।
advertisement
4/6
এই দাবির কথা এলাকার জনপ্রতিনিধিরা রেল দফতরের কাছেও তুলে ধরেন। পরে রেলের তরফে সমীক্ষা করা হয়। প্রায় দু’বছর আগে ঘোলবাগদা এলাকায় হল্ট স্টেশন তৈরির অনুমোদন দেয় রেল কর্তৃপক্ষ। এরপর প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়। ২০২৪ সালের ১ মার্চ এই স্টেশনের শিলান্যাস করা হয়। তারপর ধাপে ধাপে নির্মাণ কাজ এগোতে থাকে। বর্তমানে স্টেশন তৈরির সমস্ত কাজ প্রায় সম্পূর্ণ।
advertisement
5/6
সূত্রের খবর, আগামী ১২ মার্চ এই নতুন স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। স্টেশন চালু হলে স্থানীয় মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি এলাকার উৎপাদিত কৃষি ও অন্যান্য সামগ্রী ট্রেনে পাঠানোও সহজ হবে। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। নতুন রেল স্টেশন পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
advertisement
6/6
তবে কিছু পরিকাঠামোগত সমস্যা এখনও রয়েছে বলে অভিযোগ। পাঁশকুড়া–হলদিয়া–দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ–সভাপতি সাগর পন্ডা বলেন , স্টেশনে যাতায়াতের জন্য এখনও নির্দিষ্ট রাস্তা তৈরি হয়নি। এছাড়া পূর্ব দিকের প্ল্যাটফর্মে পৌঁছাতে অনেক যাত্রীকে রেললাইন পার হতে হবে। এতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই সাবওয়ে নির্মাণ করা দরকার। পাশাপাশি বোরোজ খাল ও ঘোলবাগদা খালের উপর নতুন সেতুর প্রয়োজন রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: দিঘা যাওয়ার পথে এবার নতুন স্টেশন! কোথায় থামবে ট্রেন? বড় সুবিধা হবে যাত্রীদের