সোমবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। কিন্তু সেখানেও অ্যাডজুডিকেশনের বাধা কাটল না বেশ কিছু তৃণমূল প্রার্থীর। সেই তালিকায় রয়েছে উত্তরপাড়া তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্যর নাম। এখনও শীর্ষণ্য অ্যাডজুডিকেশনে রয়েছে। আর সেই নিয়ে রাতের ঘুম উড়েছে প্রার্থীর।
কী করে নমিনেশন জমা দেবে সেই চিন্তাতেই দিন কাটছে তাঁর। এর আগে বাবার প্রচারে তাঁকে দেখা গেলেও প্রথম বারের জন্য প্রার্থী হয়েছেন শীর্ষণ্য। এতদিন আদালতে লড়াই করেছেন তিনি। এইবার কি তবে নিজের নাম ভোটার তালিকায় তুলতে নিজের জন্যই আদালতে যেতে হবে।
advertisement
উত্তরপাড়া তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বলেন, ‘আমার নাম এখনও আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে বাংলার হাজার হাজার মানুষের মতো, তাই খুব সাধারণ একটা চিন্তা তো রয়েই যাচ্ছে। এখনও নমিনেশনের দেরি আছে তাই আশা করা যায় তাঁর মধ্যে নাম চলে আসবে। কিন্তু নির্বাচন কমিশন বিজেপির হয়ে এই যে মানসিক অত্যাচার করছে সেটা অমার্জনীয়। এটা বিজেপির চক্রান্ত।’
আরও পড়ুন: ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বড়সড় বদল, কনফার্ম টিকিট বাতিল করলে এখন…! যাত্রীরা জানুন
তাঁর আরও দাবি, ‘ওঁরা ভেবেছিলেন এটা করে ওঁদের দাবিটাকে প্রতিষ্ঠিত করার যে এখানে অনেক রোহিঙ্গা মুসলমান রয়েছে। কিন্তু সেটা যখন প্রমাণ করতে পারেননি, সর্বোপরি তার রেজাল্ট হল অনেক বৈধ ভোটারের নাম বাদ চলে গেল, হাজার হাজার মানুষ ঝুলে রইল। যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নয় রাস্তায় নামতে হবে, না হলে আদালতে যেতে হবে। আর আমি তো ২০০৫ সাল থেকে টানা ভবানীপুর বিধানসভায় ভোট দিয়ে গিয়েছি। আমি বাঁকুড়ার ব্যানার্জী বাড়ির ছেলে। আমাদের ১০০ বছরের কালীপুজো হয় সেখানে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি রোহিঙ্গা মুসলমান কিনা তাহলে সেই শাহরুখ খান বলেছিলেন না, “My name is Khan I am not a terrorist, সেরকম ব্যাপার হয়ে গেল my name is Banerjee I am not a Muslim” এটা আমায় প্রমাণ করতে হবে নির্বাচন কমিশনের জন্য।
রাণা কর্মকার
