জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক মহিলার মৃত্যু হয়েছিল। তাঁর মৃতদেহ নিয়ে দু’টি গাড়ি করে শ্মশানে যাচ্ছিলেন বেশ কয়েকজন। সেই সময়ই ঘটে বিপত্তি। জোয়ারু মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই যাত্রীবাহী গাড়ি।
advertisement
এই ঘটনার জেরে আহত হন প্রায় ১৫ জন। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন তাঁরা। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
সুব্রত মন্ডল নামে এক আহত যাত্রী বলেন, “মৃতদেহ দাহ করতে যাওয়ার সময় জোয়ারু মোড়ের কাছে টার্নিং পয়েন্টে গাড়ি পাল্টি খেয়ে পড়ে যায়। গাড়িতে ২০-২৫ জন ছিলাম। প্রত্যেকেই কমবেশি জখম হয়েছেন”।
ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার জানান, আহতরা সকলেই এখন মোটামুটি স্থিতিশীল। হাসপাতালে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আমরা হাসপাতালের সঙ্গে কথা বলেছি চিকিৎসা যাতে সুষ্টুভাবে হয়।
