ঝুমা মন্ডলের ৬ বছরের শিশুকে বুনো মা শুয়োর তাড়া করে। সেটা দেখতে পেয়ে পাল্টা বুনো মা শুয়োরকে তাড়া করে এলাকার এক পথ কুকুর। যার ডাক নাম ভুলি। ভুলি নিজের প্রাণ বিপন্ন করে বুনো মা শুয়োরের সাথে দীর্ঘক্ষন লড়াই করে।সে সময় ঝুমা মন্ডল দৌড়ে এসে কোনো ক্রমে শিশু কোলে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। দীর্ঘক্ষন লড়াইয়ে দারুণ ভাবে জখম হয় পথ কুকুর ভুলি।
আলিপুরদুয়ার: কুকুর যে প্রভু ভক্ত সেটার নজির প্রায়শই দেখা যায়। কিন্তু প্রাণ বিপন্ন করে বুনো শুয়োরের সঙ্গে লড়াই করে ৬ বছরের শিশুকে বাঁচালো এক পথ কুকুর। ঘটনাটি আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া পূর্ব মাদারিহাটে। জানা গিয়েছে, বেশ কিছুদিন পূর্বে জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া পূর্ব মাদারিহাটের বিরহিণী দাসের বাড়ির পেছনে জ্বালানি কাঠ মজুত করার জায়গায় একটি বুনো শুয়োর ৬ টি শাবক বুনো শুয়োর প্রসব করে। বিরহিণী দাস বাড়িতে একাই থাকেন। স্বামী ভীন রাজ্যে দিনমজুর। আচমকাই শব্দ শুনে বিরহিণী দাস এগিয়ে গেলে দেখতে পান বাড়ির উঠোনে বুনো শুয়োর শাবকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে।এরপর তেড়ে আসে বুনো মা শুয়োরটি। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিভিন্ন মানুষ দেখতে গেলেই বুনো মা শুয়োর তেড়ে আসে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটেও এসেছিল জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা। এই পর্যন্ত সব কিছুই ঠিক-ঠাক ছিল। রবিবার বিরহিণী দাসের পাশের বাড়ির ঝুমা মন্ডলের ৬ বছরের শিশুকে বুনো মা শুয়োর তাড়া করে। সেটা দেখতে পেয়ে পাল্টা বুনো মা শুয়োরকে তাড়া করে এলাকার এক পথ কুকুর। যার ডাক নাম ভুলি। ভুলি নিজের প্রাণ বিপন্ন করে বুনো মা শুয়োরের সাথে দীর্ঘক্ষন লড়াই করে।সে সময় ঝুমা মন্ডল দৌড়ে এসে কোনো ক্রমে শিশু কোলে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। দীর্ঘক্ষন লড়াইয়ে দারুণ ভাবে জখম হয় পথ কুকুর ভুলি।এমনকি ভুলির পেট ফুড়ে দেয় বুনো মা শুয়োর। যদিও পরবর্তীতে চিকিৎসা করার পর ভুলি এখন কিছুটা সুস্থ রয়েছে।এই ঘটনার পর ভুলিকে দেখতে গ্রামের সকলেই যাচ্ছে ভুলির মনিব রমেন দাসের বাড়িতে।এমনকি এই ঘটনায় ভুলির প্রশংসায় পঞ্চমুখ পরিবেশ প্রেমীরা। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় গোটা সমাজের কাছে আরও একবার দৃষ্টান্ত করলো এই পথ কুকুর ভুলি।