বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাগরদিঘী থানার আদিকান্তনগরে। স্থানীয়দের অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে বোমাগুলি মজুত করে রাখা হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমা মজুত করেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ ও বীরভূমে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদ ও বীরভূমের সীমান্তবর্তী এলাকা থেকে সুতির থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার বীরভূম জেলার দুই বাসিন্দাকে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম সুরাজ খান (৩০) এবং আনোয়ার শেখ (৪৪)। সুরাজ খানের বাড়ি বীরভূম জেলার রাজগ্রাম ও আনোয়ার শেখের বাড়ি বীরভূম জেলার আম্বুয়াতে। শুক্রবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের সুতির থানার আইসি তন্ময় ভকতের নেতৃত্বে একটি দল সুতির কাঁদুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। সেই সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে বীরভূমের দিক থেকে মুর্শিদাবাদের আজগরপাড়ার দিকে যাচ্ছিল। সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করে পুলিশ। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি অগ্নেয়াস্ত্র এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। মোটরসাইকেল বাজেয়াপ্ত করে পুলিশ।
advertisement
কেদারনাথ প্রামাণিক, রঘুনাথগঞ্জ
