আমিনপুর গোলাবাড়ি রোডের বারমল্লিকা এলাকায় সাত সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির৷ অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাড়ির সামনেই ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়৷ দ্রুতগতিতে একটি ইট বোঝাই ম্যাক্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে তাঁর উপর গিয়ে পড়ে৷ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর৷ মৃত ব্যক্তির নাম আকাদ আলী৷ পঞ্চান্ন বছর বয়স হয়েছিল তাঁর। দুর্ঘটনার মুহূর্তের ছবি সিসিটিভিতে বন্দি। আমিনপুর গোলাবাড়ি রোডের বারো মল্লিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে আমিনপুর গোলাবাড়ি রোড৷ কেন ইট বোঝাই ম্যাক্স গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, কোথায় ছিল গাফিলতি, তা খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
অন্যদিকে দোলের দিনই মহেশতলায় দুর্ঘটনা,বজবজ ট্রাঙ্ক রোডে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে একটি বাইক। সঙ্গে সঙ্গে যুবক বাইক থেকে পড়ে যায়। বাইক আরোহী ওই যুবকের পেটে ক্ষত তৈরি হয়েছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হালদারপাড়া এলাকায়। বজবজ ট্রাঙ্ক রোডে ২০৪ নম্বর পিলারের কাছে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতি গাড়ির পেছনে ধাক্কা মারে বাইক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি বজবজ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে, নাম প্রান্তিক দাস।পুলিশের প্রাথমিক অনুমান গায়ে আবির মাখা ওই যুবক মদ্যপ অবস্থায় রয়েছে। কারণ দুর্ঘটনার পরেও তার ততটা হুঁশ ছিল না। সে ব্যথা অনুভব করলেও অসংলগ্ন কথাবার্তা বলছিল। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে।
জিয়াউল আলম
