ধৃতের আসল নাম মাইকেল বিশ্বাস। গুজরাত পুলিশের দাবি, ধৃত মাইকেল বাংলায় নাম বদল করে সৌরভ বিশ্বাস নামে থাকত। তার জন্য জাল নথিপত্র বানিয়েছিল। মাইকেল আদতে বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি গুজরাতের একাধিক স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। গুজরাতকে খালিস্তান করা হবে বলেও হুমকি দেওয়া হয়। একাধিক শীর্ষ রাজনীতিবিদের নামও তাতে উল্লেখ করা হয়। ঘটনার তদন্ত শুরু করে গুজরাত পুলিশের অপরাধ দমন শাখা এবং সাইবার অপরাধ দমন শাখার গোয়েন্দারা।
advertisement
প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পারেন, হুমকি ইমেল পাঠানোর জন্য বিশেষ ভিপিএন ব্যবহার করা হয়েছিল। ভিপিএন ব্যবহার করে আইপি অ্যাড্রেস লুকানো হয়েছিল। পশ্চিমবঙ্গে অভিযুক্তের খোঁজ মেলে। এর পরেই একটি দল রাজ্যে আসে। মাইকেল বিশ্বাসকে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে তিনটে সিপিইউ, পাঁচটি হার্ড ডিস্ক, পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
মঙ্গলবার ধৃতকে ট্রানজিট রিমান্ডে গুজরাত নিয়ে যাওয়া হয়েছে। আদালতে হাজির করানো হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
