গুরুতর আহত অবস্থায় দুই যুবক হাসপাতালে চিকিৎসার জন্য যান। প্রাথমিক চিকিৎসার পরে দোষীদের শাস্তি চেয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছে তাঁরা। জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁছড়া গ্রাম পঞ্চায়েতের বাগদেবী তলা এলাকায় প্রকাশ্যে মারধর করা হয়েছে তাঁদের। খবর, বিগত বেশ কিছুদিন আগে বাগদেবীতলা এলাকার বাসিন্দা সোনাই মন্ডল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বচসা হয়। তার জেরে এই পরিণতি।
advertisement
জানা গিয়েছে, পার্শ্ববর্তী লক্ষ্মীনাথপুর এলাকার বাসিন্দা সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাঁকে ধাক্কা মারার উপক্রম হলে অশান্তি তৈরি হয়। এরপর এদিন সোনাই যখন বাজার করতে যায়, তখন অভিযুক্ত অয়ন মন্ডল লক্ষ্মীনাথপুর এলাকার ব্রিজে তার পথ আটকায়। এরপর দীর্ঘ অশান্তিও হয় সেখানে। কিন্তু তারপর সোনাই বাজারে চলে যায়।
এরপর বাজার থেকে আসার পথে অভিযুক্ত অয়ন মন্ডল ৩-৪ জন যুবককে সঙ্গে নিয়ে সোনাই মন্ডলের পথ আটকায় এবং তাকে লোহার পাঞ্চ দিয়ে বেধড়ক মারতে থাকে। এই ঘটনা শুনে সোনাই মন্ডলের কাকার ছেলে জিৎ মন্ডল ঘটনাস্থলে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। পরে আহতদের শান্তিপুর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার পর দুজন পুলিশের দ্বারস্থ হয়ে ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
