তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন হুমায়ুন কবীর৷ আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের বহু আসনেই তাঁর দলের প্রার্থীরা লড়বেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক৷ গোটা রাজ্যে না হলেও মুর্শিদাবাদের কয়েকটি আসনে অন্তত ভোটা কাটাকাটির অঙ্কে হুমায়ুন বড় ফ্যাক্টর হতে পারেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
advertisement
আরও পড়ুন: তামিলনাড়ুতে ডিএমকে- কংগ্রেস আসন রফা চূড়ান্ত, জোট সঙ্গীকে কটি আসন ছাড়লেন স্ট্যালিন?
তৃণমূল ছাড়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ভরতপুরের বিধায়ক৷ নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিও দিয়েছিলেন তিনি৷ হুমায়ুনের সেই আবেদনেই সাড়া দিল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে হুমায়ুন কবীরকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়েছে৷ সেই মতো বুধবার দুপুরেই হুমায়ুন কবীরের রেজিনগরের বাড়িতে এসে পৌঁছয় ১২ জনের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একটি দল৷
ঘটনাচক্রে গত সোমবারই রাজ্যে এসে মথুরাপুরের সভা থেকে হুমায়ুন কবীরের প্রসঙ্গ তুলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ হুমায়ুন আর তৃণমূল একই কয়েনের এ পিঠ ও পিঠ বলেও কটাক্ষ করেন তিনি৷ অমিত শাহ এই কটাক্ষ করলেও তার ৪৮ ঘণ্টার মধ্যেই হুমায়ুনের নিরাপত্তার ব্যবস্থা করল তাঁরই অধীনে থাকা স্বরাষ্ট্র মন্ত্রক৷
