রায়ডাক চা বাগানে কীটনাশক স্প্রে করতে গিয়ে লেপার্ডের হামলায় জখম হয়েছেন এক চা শ্রমিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অধীনে কুমারগ্রাম ব্লকের রায়ডাক চা বাগান এলাকায়।
advertisement
জানা যাচ্ছে, ওই চা শ্রমিকের বাড়ি ধওলাঝোড়া এলাকায়। এদিন কুড়ি পঁচিশ জনের এটি শ্রমিক দল গুয়াবাড়ি বস্তির পিছনে বাঁশবাগান সংলগ্ন রায়ডাক চা বাগান এলাকায় কীটনাশক স্প্রে করছিলেন। এমন সময়ে হঠাৎই একটি লেপার্ড চা বাগান থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে এক চা শ্রমিকের উপর। বাকিদের চিৎকার, চেঁচামেচিতে পালিয়ে যায় লেপার্ডটি।
চা শ্রমিকের মাথা, গলা এবং হাত থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে। তাকে দ্রুত আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জখম শ্রমিককে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
