শনিবার বর্ধমানের গোলাপবাগ মোড়ে একটি স্কুটারের ডিকি থেকে একটি রিভলভার উদ্ধার হয়। ওই স্কুটারে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে শ্রীকান্ত দাস নামে এক ব্যক্তিকে বর্ধমান থানার পুলিশ শনিবার রাতে গ্রেফতার করেছে। তার বাড়ি মেমারি থানার দেবীপুরে। ইদানিং সে বর্ধমানের ২ নং শঙ্করীপুকুর এলাকায় থাকছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীকান্ত গত ১৩ ফেব্রুয়ারি খাগড়াগড়ের জুয়েল আহমেদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি পেয়েছিল এবং লাইসেন্স ছাড়াই জেনেশুনে সেটি রেখেছিল। জেরায় শ্রীকান্ত তা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। জুয়েল ও তার দলবল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের কারবারে জড়িত বলেও শ্রীকান্ত জানিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ এই আগ্নেয়াস্ত্র কারবারে জড়িতদের গ্রেফতার ও সেসব উদ্ধারের জন্য আদালতের কাছে শ্রীকান্তকে নিজেদের হেফাজতে চেয়েছে।
advertisement
খাগড়াগড়ে এমন ভয়াবহ কারবার চললেও পুলিশ তা জানতে পারলো না কেন সেই প্রশ্ন উঠছে। ওই স্কুটারে যে আগ্নেয়াস্ত্র রয়েছে তা পুলিশ জানলো কি করে প্রশ্ন উঠছে তা নিয়েও। ভ্যালেন্টাইন ডে তে ম্যারেজ রেজিস্টারের কাছে যাওয়া এক যুবক যুবতীকে মিথ্যে মামলায় ফাঁসাতে স্কুটারটিতে ওই আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল বলে এক তদন্তকারী পুলিশ অফিসার মারফত জানা গিয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে খাগড়াগড়ে সত্যিই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের কারবার চলছে কিনা খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।
