টি২০ বিশ্বকাপ ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চেয়ারে বসতেই কিছুটা চাপ অনুভব করছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ঘরটি সাংবাদিকদের ভিড়ে ঠাঁসা। প্রশ্ন শুরু হওয়ার আগে স্যান্টনারের মুখে স্মিত হাসি লেগে ছিল। আর তিনি ছিলেন শান্ত।
প্রায় পনেরো মিনিট ধরে চলা প্রশ্নোত্তরের বেশিরভাগই স্বাভাবিক বিষয়কে ঘিরেই ছিল। তবে সিট ছেড়ে ওঠার আগে অলরাউন্ডার স্যান্টনার বিশেষভাবে কথা বলেন ভারতের ওপর থাকা চাপ নিয়ে। নিজেদের দেশে একটি বড় টুর্নামেন্ট আয়োজন করা, শিরোপা রক্ষা করার দায়িত্ব এবং পুরো দেশের আশা-আকাঙ্ক্ষারক ভার বহন করা—এসব মিলিয়ে চাপটা মোটেই ছোট নয় ভারতের কাছে, বলছিলেন স্যান্টনার।
advertisement
অন্যদিকে প্রতিপক্ষ দল হিসেবে তাঁদের কাজটাও যে কঠিন, তাও মনে করালেন কিউয়ি ক্যাপ্টেন। সঙ্গে এটাও বললেন, তাঁদের কাজ স্রেফ দর্শকদের চুপ করানো। ভারতের বিরুদ্ধে আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপের ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অধিনায়ক জানান, তার দল ফাইনাল ম্যাচ নিয়ে ভীষণ উত্তেজিত। তিনি স্বীকার করেন যে ভরা গ্যালারির সামনে শিরোপা ধরে রাখা ভারতের জন্য বড় চাপের বিষয় হবে।
আরও পড়ুন- বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের তালিকায় একজন মাত্র ভারতীয়, জানেন কে জায়গা পেলেন?
২০২৩ সালে বিশ্বকাপ ফাইনালের আগে অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স ঠিক এমনটাই বলেছিলেন। গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে, ভারতীয় সমর্থকদের হৃদয় ভেঙে তাঁরা ট্রফি জিতবেন। স্যান্টনারও প্রায় তাই বললেন। তিনি বলে গেলেন, আহমেদাবাদের জনতাকে স্রেফ চুপ করিয়ে দেওয়া নয়, তাঁদের হৃদয় ভেঙে চুরমার করে বিশ্বকাপ জিতে নেওয়াটাই নিউজিল্যান্ডের লক্ষ্য।
আহমেদাবাদের মাঠের পিচ সম্পর্কে স্যান্টনার বলেন, তিনি এখনও সেটি কাছ থেকে দেখেননি। কারণ পিচ ঢাকা রয়েছে। তবে তাঁর ধারণা, পিচ ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে এবং ম্যাচে অনেক রান হতে পারে।
