প্রতিবেদন অনুযায়ী, গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৮ মার্চ বেঙ্গালুরুতেই মরশুমের উদ্বোধনী ম্যাচ খেলতে পারে। তাদের প্রতিপক্ষ হিসেবে চেন্নাই সুপার কিংসের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। আইপিএলে এই দুই দলের লড়াই সব সময়ই দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের। তাই প্রথম ম্যাচেই এমন হাইভোল্টেজ লড়াই হলে প্রতিযোগিতার শুরু থেকেই উত্তেজনা তুঙ্গে উঠতে পারে।
advertisement
অন্যদিকে পঞ্জাব কিংস এক দিন পরে অর্থাৎ ২৯ মার্চ নিজেদের অভিযান শুরু করতে পারে। মুল্লানপুরে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও গত মরশুমে পঞ্জাব কিংস ফাইনালে উঠেছিল, তবু এবারের আইপিএলের শুরুতেই গতবারের ফাইনালের পুনরাবৃত্তি দেখা যাবে না।
আইপিএল শুরুর আগে দুটি গুরুত্বপূর্ণ প্রাক-মরশুম কর্মসূচিও নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ মার্চ দিল্লিতে অধিনায়কদের ফটোশুট হবে। এরপর ২৫ মার্চ মুম্বইয়ে সব দলের অধিনায়ক ও কোচদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে নতুন নিয়ম, প্রতিযোগিতার পরিচালনা এবং মরশুম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুনঃ ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসের গুণ একসঙ্গে! ভারতীয় দলে এমন পেসার, কে জানেন?
উল্লেখ্য, ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলের ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা আসে ২০২৫ সালে। দীর্ঘ অপেক্ষার পর সেই সাফল্য পায় দলটি। এর আগে রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও বিরাট কোহলির মতো তারকারা নেতৃত্ব দিলেও ট্রফি জিততে পারেননি। শেষ পর্যন্ত রজত পাতিদারের নেতৃত্বেই সেই স্বপ্ন পূরণ হয়। এবার চ্যাম্পিয়ন দল হিসেবে নতুন মরশুম শুরু করতে চলেছে আরসিবি।
