যাত্রীর অসুস্থতার অভিযোগ
রাঁচির বাসিন্দা আয়ুষী সিং সম্প্রতি তাঁর এক ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁর দাবি, বন্দে ভারত এক্সপ্রেসে খাবার খাওয়ার পর তিনি তীব্র অ্যালার্জিতে আক্রান্ত হন। শুধু তাই নয়, তাঁর দুই বছরের ছেলেও একই খাবার খাওয়ার পর ডায়রিয়ায় ভুগতে শুরু করে।
আয়ূষী জানান, তিনি ২৭ মার্চ ট্রেন নম্বর ২২৫০০-তে (কোচ E1) ভ্রমণ করছিলেন। ঘটনাটিকে তিনি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। নিজের পোস্টের সঙ্গে তিনি রাঁচির মা রাম প্যারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের একটি প্রেসক্রিপশনের ছবিও শেয়ার করেন।
advertisement
তিনি আরও অভিযোগ করেন, ট্রেনে দেওয়া পানীয় জলের স্বাদ অস্বাভাবিক ছিল, যা তাঁকে স্বাস্থ্যবিধি নিয়ে সন্দিহান করে তোলে। পাশাপাশি, অভিযোগ জানানোর পর কর্মীদের ব্যবহারে তিনি হতাশ হয়েছেন বলেও জানান। তাঁর কথায়, ”বন্দে ভারত এক্সপ্রেসে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়েছে এবং অভিযোগ জানালে কর্মীদের আচরণ ছিল উদাসীন।”
আরও পড়ুন: অবশেষে স্বস্তি, স্কুল সার্ভিস কমিশনের কর্মীদের নির্বাচনের কাজ থেকে অব্যাহতি! সমস্যা মিটল হাইকোর্টে
IRCTC-র জবাব
এই অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) জানিয়েছে, ২৭ মার্চ ২২৫০০ নম্বর বন্দে ভারত এক্সপ্রেসে (BSB-DGHR) পরিবেশিত লাঞ্চ পরীক্ষা করে সন্তোষজনক বলে পাওয়া গিয়েছে। ওই দিন অন্য কোনও যাত্রীর কাছ থেকে খাবারের মান বা স্বাস্থ্যবিধি নিয়ে অভিযোগ পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, এই খবরটি একটি যাত্রীর সামাজিক মাধ্যমের পোস্ট এবং IRCTC-র প্রতিক্রিয়ার ভিত্তিতে তৈরি। উল্লিখিত দাবিগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
