এ দিন ভোরে ঝাড়সুগুদা সদর থানার সামনেই জাতীয় সড়কের উপরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ পুলিশকর্মীদের বোলেরো গাড়ির সঙ্গে একটি পণ্যবাহী ট্রেলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ ট্রেলার ট্রাকের ধাক্কায় সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় পুলিশের বোলেরো গাড়িটি৷ কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
মৃত ওই পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন এপিআর বাহিনীর সদস্য কাশীরাম ভৈ এবং দেবদত্ত সা, ড্রিল সাব ইন্সপেক্টর নিরঞ্জন কুজুর, এপিআর হাবিলদার লিঙ্গরাজ ধুরুয়া এবং হোমগার্ড ভক্তবন্ধু মির্ধা৷
advertisement
দুর্ঘটনায় গুরুতর আহত হন এপিআর বাহিনীর আরও দুই সদস্য এবং পুলিশের একজন সার্জেন্ট৷
দুর্ঘটনার খবর পেয়েই জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তদারকি শুরু করেন৷ আহত তিন জন পুলিশকর্মীকে ঝাড়সুগুদা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যদিও তাঁদের অবস্থা সঙ্কটজনক বলেই চিকিৎসকরা জানিয়েছেন৷
অন্যদিকে ঘাতক ট্রাকটির চালককে পুলিশ গ্রেফতার করেছে৷ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ৷
