বাণিজ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা মার্কিন সুপ্রিম কোর্টের শুল্ক সংক্রান্ত রায় লক্ষ্য করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে সাংবাদিক বৈঠকও করেছেন এবং মার্কিন প্রশাসনের তরফে কিছু পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। এই সমস্ত উন্নয়ন আমরা তাদের প্রভাব বিবেচনায় রেখে পর্যালোচনা করছি।”
সুপ্রিম রায় ‘অ্যান্টি-আমেরিকান’! ‘১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করছি!’ শুল্ক নিয়ে ফের ঘোষণা ট্রাম্পের
advertisement
মার্কিন সুপ্রিম কোর্ট ৬-৩ রায়ে জানায়, ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (IEEPA)-এর অধীনে প্রেসিডেন্ট একতরফাভাবে বিস্তৃত বৈশ্বিক শুল্ক আরোপের ক্ষমতা পান না। এই রায়ের ফলে বিপুল অঙ্কের শুল্ক ফেরতের দাবির পথও খুলে যেতে পারে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, সরকার রায়টি খতিয়ে দেখছে। প্রয়োজন হলে বাণিজ্য মন্ত্রক বা বিদেশ মন্ত্রক আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে।
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি
রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প নতুন করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা করেন। তিনি জানান, বিদ্যমান শুল্কের পাশাপাশি এই অতিরিক্ত শুল্ক কার্যকর হবে। একইসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে বর্তমান বাণিজ্য কাঠামো অপরিবর্তিত থাকবে।
ভারতের সঙ্গে চুক্তি বহাল থাকবে কি না—এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “কিছুই বদলাচ্ছে না। ওরা শুল্ক দেবে, আমরা শুল্ক দেব না। আগে যা ছিল, তার উল্টো এখন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উল্লেখ করে তিনি বলেন, “মোদি একজন মহান মানুষ, তবে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেক বেশি কৌশলী ছিলেন। ভারত আমাদের ঠকাচ্ছিল।”
চলতি মাসেই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ঘোষণা হয়, যেখানে মার্কিন শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হয়। এর বিনিময়ে দিল্লি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দেয় বলে জানা গিয়েছে।
তবে সুপ্রিম কোর্টের রায়ের পর হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক সাময়িকভাবে সমস্ত বড় বাণিজ্য অংশীদারের উপর প্রযোজ্য হবে, ভারতের ক্ষেত্রেও। যদিও প্রশাসন ভবিষ্যতে অন্যান্য আইনি উপায় ব্যবহার করে উপযুক্ত বা পূর্ব-আলোচিত শুল্কহার কার্যকর করার চেষ্টা করবে বলেও তিনি জানান।
ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির আইনি খসড়া চূড়ান্ত করতে ২৩ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে তিন দিনের বৈঠক শুরু হবে। বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব এবং প্রধান আলোচক দর্পণ জৈনের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল সেখানে অংশ নেবে বলে সূত্রের খবর।
