এ দিন সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলার শুনানি চলাকালীন এই ঘটনা ঘটে৷ রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে সংবিধান ধ্বংস করার অভিযোগ আনেন৷ তখন পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী ডি এস নাইডু কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের কথা উল্লেখ করেন৷
কমিশনের আইনজীবী বলেন, আপনারা দেখুন কী বক্তব্য করা হচ্ছে৷ বলা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে। তাঁরা এসে মারবেন। সলিসিটির জেনারেল তুষার মেহতাও মালদহের মোথাবাড়ির ঘটনার উল্লেখ করে বলেন, একবার শুনুন মহিলা জুডিশিয়াল অফিসার কী বলছেন? এর পরই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের ক্লিপ সুপ্রিম কোর্টে চালানো হয়৷ পাশাপাশি, এক মহিলা জুডিশিয়াল অফিসারের মন্তব্যের ক্লিপও বিচারপতিদের সামনে চালানো হয়৷ প্রসঙ্গত, মালদহের মোথাবাড়িতে এসআইআর অশান্তিতে আটকে পড়া আতঙ্কিত এক মহিলা অফিসারের অডিও ক্লিপ সমাজমাধ্যমেও ভাইরাল হয়েছিল৷
advertisement
তবে কমিশনের পক্ষ থেকে এই দুটি অডিও ক্লিপ চালানোর সঙ্গে সঙ্গেই তার তীব্র বিরোধিতা করেন তৃণমূল এবং রাজ্য সরকারের আইনজীবীরী৷ কপিল সিবাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলেন, আপনারা মুখ্যমন্ত্রী বক্তব্য শোনালে আমাদেরও প্রধানমন্ত্রীর বক্তব্য চালাতে হবে৷ তৃণমূলের আইনজীবীরা প্রশ্ন তোলেন, একজন প্রার্থীর বক্তব্য শোনাচ্ছে কমিশন? তাঁদের এই এক্তিয়ার আছে?
যদিও দুটি অডিও ক্লিপ এবং দু পক্ষের সওয়াল শুনে প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট করে দেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শীর্ষ আদালত কোনও নমনীয় মনোভাব দেখাবে না৷ প্রধান বিচারপতি বলেন, বাহিনী প্রত্যাহার করার প্রশ্ন নেই। রাজ্যের মেশিনারি ব্যর্থ হলে আমাদের জানাবেন, আমরা যা করার করব।
এর পরেও অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন, সে বিষয়টিও প্রধান বিচারপতির নজরে আনার চেষ্টা করেন৷
