এই বিশেষ ট্রেন যাত্রার আয়োজন করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং কার্শিয়াং ফরেস্ট ডিভিশন। কার্শিয়াং জঙ্গলের ভিতর দিয়ে চলা এই টয় ট্রেন ভ্রমণে পর্যটকেরা উপভোগ করতে পারবেন পাহাড়ি বনভূমির নীরব সৌন্দর্য। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে কার্শিয়াং অঞ্চলের মহানদী এলাকায় সূর্যাস্ত দেখার সুযোগ যা এই ট্রিপকে আরও স্মরণীয় করে তোলে।
শুধু ট্রেন যাত্রাই নয়, এই প্যাকেজে রয়েছে প্রকৃতির আরও কাছাকাছি যাওয়ার সুযোগ। ডাওহিল অঞ্চলে ট্রেকিংয়ের ব্যবস্থাও রয়েছে, যেখানে বন দফতরের রেঞ্জার ও কর্মকর্তারা পর্যটকদের সঙ্গে থাকেন। দুপুরের খাবারে রয়েছে বিশেষ অর্গানিক লাঞ্চ, যা তৈরি হয় জঙ্গলের আশপাশে বসবাসকারী স্থানীয় মানুষের হাতে এবং স্থানীয় উপকরণ দিয়ে।
advertisement
এই প্রসঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য পর্যটকদের ভিন্ন অভিজ্ঞতা দেওয়া এবং পাহাড়ি জঙ্গল ও স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে তাঁদের পরিচয় করানো। তাঁর কথায়, ‘বাঘিরা জঙ্গল ট্রেইল’ প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য সমন্বয়। পর্যটকেরা এখানে টয় ট্রেনের ঐতিহ্য, জঙ্গলের সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতিকে একসঙ্গে অনুভব করতে পারবেন।”
তবে এই ট্রেনে চড়তে হলে আগে থেকেই বুকিং করা জরুরি। কারণ বন দফতরের সময়সূচি ও নিরাপত্তা বিধি মেনে এই পরিষেবা পরিচালিত হয়। তাই আগ্রহী পর্যটকদের দলগতভাবে আগে থেকে যোগাযোগ করে নিজেদের সময়সূচি জানাতে হবে।
বুকিং বা বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করতে হবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সঙ্গে বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট darjeelinghimalayanrailway.com-এ। প্রকৃতি, জঙ্গল আর টয় ট্রেন—এই তিনের মেলবন্ধনে ‘বাঘিরা জঙ্গল ট্রেইল’ উত্তরবঙ্গের পর্যটনে নতুন আকর্ষণ হয়ে উঠছে।





