RailOne মোবাইল অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি সম্পর্কে যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। হাওড়া ডিভিশনের হাওড়া, রামপুরহাট, ব্যান্ডেল এবং বর্ধমান স্টেশনে RailOne অ্যাপ প্রচার অভিযান চালানো হয়েছে ইতিমধ্যেই। যাত্রীদের একটি সুবিধাজনক এবং নিরবচ্ছিন্ন রেল পরিষেবা অভিজ্ঞতার জন্য RailOne অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে। পূর্ব রেলওয়ে তার অধীনস্থ বিভিন্ন স্টেশনে যাত্রীদের মধ্যে ‘রেলওয়ান’ সুপার অ্যাপটিকে জনপ্রিয় করে তুলতে ধারাবাহিকভাবে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সদস্য, রেলকর্মী এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর কর্মীরা গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। তাঁরা অ্যাপটির বিভিন্ন বৈশিষ্ট্য ও সুবিধা সম্পর্কে অবহিত করে যাত্রীদের ডিজিটাল পরিষেবা ব্যবহারে উৎসাহিত করছেন, যাতে রেলযাত্রা আরও সহজ, দ্রুত ও নিরবিচ্ছিন্ন হয়।
advertisement
এই প্রচার অভিযানের সময় পূর্ব রেলওয়ে প্রশংসা অর্জন করেছে শ্রীলঙ্কার বিশিষ্ট অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক এবং শ্রীলঙ্কার অষ্টম রাষ্ট্রপতির উপদেষ্টা জনাব সামান আথাউদাহেট্টি-র কাছ থেকে, যিনি তাঁর বর্তমান ভারত সফরের অংশ হিসেবে হাওড়া স্টেশন পরিদর্শন করেন। তিনি একজন সৃজনশীল লেখক ও টেলিভিশন উপস্থাপক হিসেবেও সুপরিচিত। বর্তমানে তিনি ভারতীয় রেলকে কেন্দ্র করে একটি বই লেখার উদ্দেশ্যে ভারতজুড়ে ভ্রমণ করছেন এবং রেলের কার্যক্রম, পরিকাঠামো ও যাত্রী পরিষেবার মান পর্যবেক্ষণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন পরিদর্শন করছেন। হাওড়া স্টেশন পরিদর্শনের সময় তিনি ভারতীয় রেলের আধুনিক উদ্যোগগুলোর বিশেষ প্রশংসা করেন, বিশেষ করে ‘রেলওয়ান’ সুপার অ্যাপটির, যা একাধিক রেল পরিষেবাকে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রিত করেছে। অ্যাপটির কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে জানতে পেরে তিনি পরিদর্শনের সময় নিজেই এটি ডাউনলোড করেন।
তিনি হাওড়া স্টেশনের দক্ষ ব্যবস্থাপনারও প্রশংসা করেন। এখানে প্রতিদিন প্রায় সাড়ে চার লক্ষ যাত্রীর যাতায়াত করে, ফলে এটি দেশের অন্যতম ব্যস্ততম রেলস্টেশনে পরিণত হয়েছে। স্টেশনের পরিচ্ছন্নতা, যাত্রী-বান্ধব সুযোগ-সুবিধা এবং সুসংগঠিত পরিকাঠামোও তাঁর বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছে। তিনি স্টেশনের অভ্যন্তরে থাকা কয়েকটি উল্লেখযোগ্য ঐতিহ্য ও সুবিধার প্রতিও আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক ‘বড় ঘড়ি’, ‘জিরো পয়েন্ট’, ‘জন আহার’ আউটলেট—যেখানে মাত্র ১৫ টাকায় পুষ্টিকর খাবার পাওয়া যায়—এবং আরআরআই (RRI) কেবিন। পাশাপাশি রেললাইনের পরিচ্ছন্নতা এবং স্টেশনের ঐতিহাসিক স্থাপত্যের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণও তাঁর প্রশংসা অর্জন করেছে।
