TRENDING:

Mamata writes letter to Modi: কলাইকুন্ডার বৈঠকে কেন ছিলেন শুভেন্দু? মোদিকে লেখা চিঠিতে প্রশ্ন তুললেন মমতা

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) লেখা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)চিঠিতেও স্পষ্ট, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিই তাঁর বৈঠকে না থাকার অন্যতম প্রধান কারণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলাইকুন্ডার বৈঠকে কেন উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামের বিধায়কের নাম না নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে সরাসরি এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে নির্ধারিত বৈঠকে একজন বিধায়কের থাকার কোনও এক্তিয়ারই নেই৷ মুখ্যমন্ত্রী চিঠিতে এমনও দাবি করেছেন, বৈঠক শুরুর আগেই এই বিষয়টি রাজ্যের মুখ্যসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা এক সিনিয়র অফিসারকে জানিয়েছিলেন৷ সমস্যার সমাধান না হলে মুখ্যমন্ত্রী যে ওই বৈঠকে থাকবেন না, তাও জানানো হয়৷ আর তা না হলে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর পৃথক বৈঠকের আয়োজন করারও কথাও জানানো হয় বলে মোদিকে চিঠিতে দাবি করেছেন মমতা৷ যদিও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দুর নাম না নিয়ে তাঁকে বিধায়ক হিসেবেই উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

বিজেপি-র তরফে অবশ্য বার বারই দাবি করেছে, শুধু একজন বিধায়ক হিসেবে নয়, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবেই বৈঠকে আমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারী৷

বিতর্কের সূত্রপাত গত ২৮ মে কলাইকুন্ডায় ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক নিয়ে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যোগ না দিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতে রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব তুলে দিয়ে ফিরে আসেন৷ তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ এর পর সেদিন রাতেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার৷ মুখ্যমন্ত্রী পরে অভিযোগ করেন, প্রথমে শুধুমাত্র তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা থাকলেও পরে রাজ্যপাল সহ আরও অনেককে সেই বৈঠকে ডাকা হয়৷ গত শনিবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ওই বৈঠক কার্যত বিজেপি-র দলীয় বৈঠকে পরিণত হয়েছিল৷ তবে তাঁর বা রাজ্যের তরফে প্রধানমন্ত্রীকে কোনওরকম অসম্মান করা হয়নি বলে দাবি করেন মমতা৷

advertisement

প্রসঙ্গত সেদিনের ওই বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল তৃণমূল কংগ্রেসের৷ প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠিতেও স্পষ্ট, নন্দীগ্রামের বিধায়কের উপস্থিতিই তাঁর বৈঠকে না থাকার অন্যতম প্রধান কারণ৷ শুভেন্দু ছাড়াও রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দেবশ্রী চৌধুরীরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন৷

এ দিন মুখ্যসচিবের বদলির নির্দেশ প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী৷ সেই কলাইকুন্ডার বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমি চেয়েছিলাম শান্তি পরিবেশে আপনার সঙ্গে আমার একটি বৈঠক হোক৷ কিন্তু আপনি বৈঠকের কাঠামো বদলে ফেলে আপনার দলের একজন স্থানীয় বিধায়ককে বৈঠকে অন্তর্ভুক্ত করলেন৷ আমার চল্লিশ বছরের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে হওয়া বৈঠকে একজন বিধায়কের উপস্থিত থাকার কোনও এক্তিয়ারই নেই৷ ওই বৈঠকে মাননীয় রাজ্যপাল এবং কেন্দ্রীয় মন্ত্রীদের ডাকা হয়েছিল৷ সৌজন্য বশতই আমি তা নিয়ে আপত্তি জানাচ্ছি না৷ কিন্তু একজন বিধায়ক, যার ওই বৈঠকে থাকার কোনও এক্তিয়ারই নেই, তাঁর উপস্থিতি মেনে নেওয়া যায় না৷' মুখ্যমন্ত্রী অবশ্য চিঠিতে একই সঙ্গে দাবি করেছেন, সাংবিধানিক ভাবে রাজ্যপালেরও ওই বৈঠকে কোনও ভূমিকা ছিল না৷

advertisement

মুখ্যমন্ত্রী এ দিনের চিঠিতে আরও লিখেছেন, কলাইকুন্ডার ওই বৈঠকের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবের বদলির কোনও সম্পর্ক নেই বলেই তিনি আশা করেন৷ পাশাপাশি তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়েই মিটিং শুরু হওয়ার নির্ধারিত সময় বেলা ২.৩০ মিনিটের আগেই তিনি কলাইকুন্ডায় উপস্থিত হয়েছিলেন৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কলাইকুন্ডায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলাশাসক এবং পুলিশ সুপার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ১৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন ‘এই’ ব্যবসা, মাস গেলে মোটা টাকা রোজগার হবে
আরও দেখুন

বিজেপি শিবিরের অবশ্য দাবি, বিরোধী দলনেতা হিসেবেই বৈঠকে যোগ দিয়েছিলেন শুভেন্দু৷ বিরোধী দলনেতা হিসেবে তাঁকে স্বীকৃতি দিয়ে বিধানসভার তরফে যে চিঠি দেওয়া হয়, সেটিও এই বৈঠক বিতর্কের পরই প্রকাশ্যে আনে গেরুয়া শিবির৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata writes letter to Modi: কলাইকুন্ডার বৈঠকে কেন ছিলেন শুভেন্দু? মোদিকে লেখা চিঠিতে প্রশ্ন তুললেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল