বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যে চিংড়িঘাটা মোড়ে মাত্র ৩৬৬ মিটার অংশে মেট্রো পথ নির্মাণের জন্য ই এম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন৷ মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশের অনুমতি না পাওয়ার কারণেই এই কাজ থমকে রয়েছে৷ বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে৷ কিন্তু সামান্য ওই অংশে কাজ শেষ না হওয়ার কারণে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চিংড়িঘাটা পেরিয়ে সেক্টর ফাইভের দিকে চালু করা সম্ভব হচ্ছে না৷
advertisement
জট কাটাতে বিষয়টি কলকাতা হাইকোর্টেও পৌঁছেছে৷ হাইকোর্টের নির্দেশে একাধিক বার মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য প্রশাসন এবং পুলিশের প্রতিনিধিরা৷ মেট্রো রেলের অভিযোগ, তার পরেও কাজ শুরুর অনুমতি মেলেনি৷
রাজ্য প্রশাসনের পক্ষে পাল্টা আদালতে যুক্তি দেওয়া হয়েছে, যে জায়গায় রাস্তা বন্ধ করতে বলছে মেট্রো রেল, সেখানে রাস্তা বন্ধ করলে অ্যাম্বুল্যান্স পর্যন্ত চলাচল করতে পারবে না৷ যদিও সবপক্ষের বক্তব্য শুনে আলোচনার মাধ্যমেই বিষয়টির মীমাংসা করার পরামর্শ দেয় হাইকোর্ট৷
এ দিন নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো রুটে আরও একটি সমস্যার কথা শোনা গিয়েছে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের মুখে৷ শুভ্রাংশু শেখর মিশ্র জানিয়েছেন, ভিআইপি রোড হয়ে বিমানবন্দরগামী রাস্তাও মেট্রোর কাজের জন্য কিছুদিন বন্ধ রাখার প্রয়োজন রয়েছে৷ প্রাথমিক ভাবে বিধাননগর পুলিশ মেট্রোর এই প্রস্তাবে রাজি হয়নি৷ সমস্যার সমাধানে ফের পুলিশের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের আলোচনা শুরু হয়েছে৷
