হামাসের হামলায় যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মরণ করে শোকবার্তায় মোদি বলেন, ‘অক্টোবরের ৭ তারিখে হামাসের সন্ত্রাসবাদী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন এবং যে পরিবারগুলি ধ্বংস হয়ে গিয়েছে, তাঁদের প্রতি ভারতবাসীর পক্ষে থেকে গভীর সমবেদনা জানাচ্ছি৷ আমরা আপনাদের যন্ত্রণা বুঝতে পারছি৷ আমরা আপনাদের শোকের ভাগ নিতে পারি৷ ভারত দৃঢ় ভাবে ইজরায়েলের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে৷’
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের হত্যার পিছনে কোনও অজুহাত থাকতে পারে না৷ সন্ত্রাসবাদের সমর্থনে কোনও সাফাই হয় না৷ ভারতও দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের যন্ত্রণা সহ্য করেছে৷ ২৬/১১ মুম্বই হামলার স্মৃতি এখনও আমাদের মনে দগদগে হয়ে রয়েছে৷ ওই হামলায় ইজরায়েলি নাগরিকদের মৃত্যুর ঘটনাও আমরা ভুলিনি৷’
মোদি জোরাল ভাবে মনে করিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইজরায়েলের মতো ভারতও আপোসহীন মোকাবিলার নীতি নিয়েছে এবং ভারতের এই অবস্থানে কোনও দ্বিচারিতা নেই৷ প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদের লক্ষ্যই হল সমাজে অস্থিরতা তৈরি করা এবং উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন৷ কারণ সন্ত্রাসবাদ যেখানেই হোক না কেন তা গোটা বিশ্বের সর্বত্র শান্তি বিঘ্নিত করতে পারে৷ এই কারণেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপকে সমর্থন জানায় এবং আঞ্চলিক স্থিরতার পক্ষে সওয়াল করে৷’
