এরই মধ্যে আজারবাইজানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় আজারবাইজানের দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “একটি ড্রোন স্বায়ত্তশাসিত নাখচিবান এলাকার বিমানবন্দরের টার্মিনাল ভবনে সরাসরি হামলা চালায়, অন্য আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়েছে।”
advertisement
এই ড্রোন হামলায় বিমান বন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই ঘটনায় আজারবাইজানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে সে দেশের সরকার। আজারবাইজান জানিয়েছে, “ইরানের কাছে তীব্র প্রতিবাদ জানানো হবে এবং এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পেশ করা হবে।”
এদিকে, বাহরাইনের মানামায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে, বৃহস্পতিবার সকালে কাতারের দোহায়ও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। গত শনিবার থেকে ইজরায়েল ও আমেরিকা ইরানে হামলার শুরুর পর থেকে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাচ্ছে। অপরদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পারস্য উপসাগরে তাদের নৌবাহিনীর যোদ্ধারা একটি মার্কিন ট্যাংকারে হামলা করেছে।
ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের এক বিবৃতি যেটি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়, এতে বলা হয়েছে, “পারস্য উপসাগরের উত্তরে জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বর্তমানে এটিতে আগুন জ্বলছে।” আইআরজিসি জানিয়েছে, উপসাগর থেকে ভারত মহাসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালীর উপর তাদের “পূর্ণ নিয়ন্ত্রণ” রয়েছে।
