কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইটে করে দিল্লি ও মুম্বই-সহ বিভিন্ন গন্তব্যে পৌঁছেছেন প্রায় ৭০০ নাগরিক৷ পাশাপাশি দূতাবাসের পক্ষ থেকে আরও জানান হয়েছে যে, আগামী কয়েকদিনে ভারতে ফিরতে ইচ্ছুকদের সাহায্যের জন্য কাতার এয়ারওয়েজ প্রতিদিন এক থেকে দুটি ফ্লাইট চালানোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও, যাদের বৈধ সৌদি ভিসা রয়েছে তারা স্থলপথে সালওয়া সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশ করে সেখান থেকেও দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে দূতাবাস৷
advertisement
দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানান হয়েছে, যেসব ভারতীয় নাগরিক ভিজিট ভিসায় কাতারে ছিলেন এবং সৌদি আরব হয়ে দেশে ফিরতে চান, তাদের জন্য দূতাবাস ৯৬ ঘণ্টার অস্থায়ী ট্রানজিট ভিসা পেতে সহায়তা করছে। এ বিষয়ে দূতাবাসের সোশ্যাল মিডিয়া চ্যানেলে দেওয়া লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করা যাবে।
এছাড়া দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে বিশেষ করে তৎকাল ভিত্তিতে পাসপোর্ট নবীকরণ সংক্রান্ত কাজে সহায়তার জন্য ১৩ ও ১৪ মার্চ (শুক্র ও শনিবার) দূতাবাস খোলা থাকবে।
একই সঙ্গে কাতারে বসবাসরত ভারতীয়দের কাতার কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, দেশের বাজার স্থিতিশীল রয়েছে এবং খুচরা দোকানে সব প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে। তাই গুজবে কান না দিয়ে অপ্রয়োজনীয় মজুত না করে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র কেনার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
